সিরিয়ার বিরোধী পক্ষের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি আছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তবে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা প্রত্যাখ্যান করেন। তিনি যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। এ ছাড়া চলমান লড়াই থেকে সিরিয়া পিছিয়ে আসবে না বলেও জানিয়েছেন তিনি। বিভিন্ন ‘রাজনৈতিক সংগঠন’ ও ‘সশস্ত্র সন্ত্রাসীদের’ সঙ্গে প্রস্তাবিত সংলাপ প্রসঙ্গে আসাদ বলেন, অস্ত্র সমর্পণে আগ্রহী বিদ্রোহীসহ যে কারও সঙ্গে সমঝোতার লক্ষ্যে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। বিরোধীদের সঙ্গে আলোচনা করা যেতে পারে, কিন্তু সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে নয়। উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা হবে না এবং সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। আর তিনি ক্ষমতা থেকেও সরবেন না।সিরীয় বিদ্রোহীদের মধ্যে জঙ্গি মনোভাব জাগিয়ে তোলার পেছনে যুক্তরাজ্যের ইন্ধন রয়েছে বলে সমালোচনা করেছেন আসাদ। তিনি বলেন, ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন ‘অপরিপক্ব, বিভ্রান্ত ও বাস্তবতাবিবর্জিত’ সরকার সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছে।তবে সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন করলেও অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাজ্য। আসাদের ওই বিরল সাক্ষাৎকারটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে সরকারপক্ষের সংলাপ অনুষ্ঠানের জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও সিরিয়াবিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমি ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন। তাঁরা এক যৌথ বিবৃতিতে বলেন, সিরিয়ায় মানবতাবিরোধী অপরাধসমূহকে বিচারের আওতায় আনতে হবে। আসাদের ঘনিষ্ঠ মিত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি বলেন, সিরিয়ায় আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে জনগণ তাদের নেতা বাছাই করে নেওয়ার সুযোগ পাবে।যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ সিরিয়ার ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা পরিবর্তনের জন্য ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর যুক্তি, সিরিয়ার বিরোধী পক্ষের জোট ন্যাশনাল কোয়ালিশনকে সহায়তার স্বার্থেই অস্ত্র নিষেধাজ্ঞায় পরিবর্তন আনা প্রয়োজন। বিদ্রোহীদের হামলায় ৩৪ সেনা নিহত: সিরিয়ার বিদ্রোহীদের হামলায় সরকারি বাহিনীর অন্তত ৩৪ জন সেনা নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল রোববার ওই হামলা হয়। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, সিরিয়াজুড়ে গত শনিবার অন্তত ১৩৩ জন প্রাণ হারায়। এএফপি ও বিবিসি।