সংলাপে রাজি বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানের বিদ্রোহীদের নেতা রিক মাচার ঘোষণা দিয়েছেন, তিনি শান্তি আলোচনায় বসতে রাজি আছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তাঁর বাহিনী গুরুত্বপূর্ণ বোর শহরের দখল নিয়েছে।
এর আগে দক্ষিণ সুদানের সেনাবাহিনী এবং জাতিসংঘের একজন মুখপাত্র জানান, বিদ্রোহীরা স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে বোর শহরে সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করেছে।
জাতিসংঘের একজন মুখপাত্র জানান, গতকাল স্থানীয় সময় ভোরে লড়াই শুরু হয়। দক্ষিণ সুদানের সেনাবাহিনীর একজন মুখপাত্রও লড়াইয়ের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে বোর শহরে লড়াই হয়েছে...আমরা আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি।’
দক্ষিণ সুদানের রাজধানী জুবা থেকে ১২৫ মাইল উত্তরে অবস্থিত বোর শহরে দুই সপ্তাহের বেশি সময় ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছিল বিদ্রোহীরা। গত সপ্তাহে সেখান থেকে বিদ্রোহীদের হটিয়ে দিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল সরকারি বাহিনী।
বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানে গত ১৫ ডিসেম্বর চলমান সংকটের সূত্রপাত হয়। এদিন দেশটির প্রেসিডেন্ট সালভা কির অভিযোগ করেন, তাঁর সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার একটি অভ্যুত্থানের পরিকল্পনা করছেন। এর পরপরই দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে।
মাচার গতকাল বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, তাঁর অনুগত বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। তবে শান্তি সংলাপের জন্য তিনি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় প্রতিনিধিদল পাঠাচ্ছেন বলেও ঘোষণা দেন।
ক্ষমতা ভাগাভাগি নাকচ করে দিলেন কির: ‘অর্থহীন যুদ্ধ’ বন্ধে ক্ষমতা ভাগাভাগি করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট কির। অবশ্য সামরিকভাবেও যে চলমান সংকটের সমাধান হবে না, তা-ও স্বীকার করেছেন তিনি।
বিবিসিতে গতকাল সম্প্রচারিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট কির বলেন, ‘কিসের ক্ষমতার ভাগাভাগি? এটা কোনো সমাধান নয়। এই ব্যক্তি (মাচার) বিদ্রোহ করেছেন। আপনি যদি ক্ষমতা চান, তবে আপনি বিদ্রোহ করবেন না...একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’
অবরোধের হুমকি এইউর: আফ্রিকান ইউনিয়ন (এইউ) বলেছে, যুদ্ধকবলিত দক্ষিণ সুদানের ওপর অবরোধ আরোপ করা হতে পারে। আফ্রিকা মহাদেশের দেশগুলোর এই সংস্থার শান্তি ও নিরাপত্তা পরিষদ গতকাল এক বিবৃতিতে এ হুমকি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ সুদানে যারা জাতিগত উত্তেজনা ছড়ানোসহ বিভিন্নভাবে লোকজনকে সহিংসতায় উসকে দিচ্ছে, তাদের ওপরে অবরোধ আরোপসহ ‘যথাযথ পদক্ষেপ’ নেওয়া হবে। এএফপি ও বিবিসি।