ইউক্রেনে রুশপন্থীদের বিদ্রোহকে কেন্দ্র করে সৃষ্ট সংকট সমাধানে দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংলাপের আহ্বান জানিয়েছেন৷ রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পদত্যাগ নিয়ে সৃষ্ট সংকটের জেরে সাবেক এই সোভিয়েত রাষ্ট্রটির অস্তিত্ব হুমকির মুখে পড়ার পাশাপািশ ইউরোপে যুদ্ধ বাধার আশঙ্কা দেখা দিয়েছে৷ খবর এএফপির৷
তবে একই সঙ্গে রাশিয়া বলেছে, যেকোনো ধরনের শান্তি আলোচনার অাগে ইউক্রেনের সরকার ও বিদ্রোহীদের মধ্যে টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা প্রয়োজন৷
প্রেসিডেন্ট পোরোশেঙ্কো ও পুতিন ওই সংলাপের ডাক দেন গত রোববার৷ এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহ অবসানে প্রেসিডেন্ট পোরোশেঙ্কো একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন৷ কিন্তু প্রেসিডেন্ট পুতিন তা নাকচ করে দেন৷ পোরোশেঙ্কোর এ যুদ্ধবিরতির আহ্বান মেনে স্বাধীনতার দাবি থেকে বিদ্রোহীদের সরে আসার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এ অবস্থায় দুই নেতা সংলাপের ডাক দিলেন৷ আবার পোরোশেঙ্কো শান্তি প্রতিষ্ঠায় ‘পরিকল্পনা এ’ বাস্তবায়নের কথাও বলেছেন৷
সংলাপের এই আহ্বানের মধ্যে আগামী শুক্রবার প্রেসিডেন্ট পোরোশেঙ্কো ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ঐতিহাসিক এক বাণিজ্য চুক্তিতে সই করে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছেন৷ চুক্তিটি সই হলে কিয়েভের ওপর ক্রেমলিনের নিয়ন্ত্রণ আরও হ্রাস পাবে৷
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার বলেছে, শান্তি আলোচনা বা সংলাপ শুরুর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ‘টেকসই যুদ্ধবিরতি’ প্রতিষ্ঠা করতে হবে৷