গত মাসে প্রাসাদে বিদ্রোহীদের বোমা হামলায় মারাত্মক আহত হওয়ার পর প্রথমবারের মতো টেলিভিশনে দেখা গেল ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে। গত বৃহস্পতিবার দেশের সরকারি টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি সংলাপের আহ্বান জানান। তবে আহত হওয়ার পর থেকে চিকিৎসার জন্য সৌদি আরবে অবস্থানরত সালেহ কবে দেশে ফিরবেন, সে সম্পর্কে কিছু বলেননি।এদিকে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ভাষণকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৮ জন। আগে রেকর্ড করা ওই টিভি ভাষণে দেখা যায়, প্রেসিডেন্ট সালেহ তাঁর বাহু নাড়াচাড়া করেননি। দুই হাতেই ব্যান্ডেজ করা।ইয়েমেনে কয়েক মাস ধরে অস্থিতিশীলতা চলে আসছে। প্রেসিডেন্ট সালেহর পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। তবে পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে আসছেন প্রেসিডেন্ট।সালেহ ভাষণে বলেন, ইয়েমেনের সমস্যার সমাধানে সংলাপের প্রয়োজন। ক্ষমতা ভাগাভাগিকে তিনি স্বাগত জানাবেন। তবে প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আলোচনা হতে হবে ‘সংবিধান ও আইনি কাঠামোর মধ্যে।’সালেহ জানান, তাঁর শরীরে আটটির বেশি সফল অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বলেন, ‘দুর্ঘটনার কারণে আমার শরীরের অনেক জায়গা পুড়ে গেছে। পার্লামেন্টের স্পিকার, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, সানার গভর্নরসহ বেশ কয়েকজন কর্মকর্তার শরীরেও অস্ত্রোপচার করা হয়েছে। হামলায় ৮৭ জনেরও বেশি আহত হয়েছে।’প্রেসিডেন্ট সালেহ বলেন, ‘খোদাভীরুরা কোথায়? কেন তাঁরা সংলাপে বসে সব ইয়েমেনির জন্য সন্তোষজনক সমাধানে পৌঁছানোর পথ খুঁজছেন না।...ইয়েমেনের জনগণ তাদের নিরাপত্তা, স্থিতিশীলতা, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি সব চ্যালেঞ্জ দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করবে।’ইয়েমেনের ‘রাজনৈতিক দলগুলোর মধ্যকার দূরত্ব ঘুচানোর চেষ্টার জন্য’ ভাইস প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট সালেহ। এ ছাড়া তাঁদের যত্ন নেওয়ার জন্য সৌদি বাদশাহ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।সৌদি আরবে এখনো সালেহর চিকিৎসা চললেও ইয়েমেনে গুঞ্জন চলছে যে তিনি শিগগিরই দেশে ফিরবেন।প্রেসিডেন্ট প্রাসাদের অভ্যন্তরে বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত হয়। বিস্ফোরণে প্রধানমন্ত্রী আল মোহাম্মদ মুজাওয়ারসহ কমপক্ষে দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা গুরুতর আহত হন।বিস্ফোরণের ঘটনা তদন্তে ইয়েমেনের কর্তৃপক্ষকে সহায়তা করছেন পশ্চিমা কূটনীতিকেরা। তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে প্রাসাদের মসজিদের ভেতর বিপুল পরিমাণ উচ্চমাত্রার বিস্ফোরক টিএনটি রাখা ছিল। ঘটনার সময় ওই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন প্রেসিডেন্ট সালেহ।এদিকে প্রেসিডেন্ট সালেহর ভাষণে উল্লাস চলার সময় গুলিতে চারজন নিহত হয়েছে। হাসপাতাল কর্মকর্তারা এ কথা জানান। কর্মকর্তারা জানান, সানায় সালেহর সমর্থকেরা ফাঁকা গুলি ছুড়লে দুর্ঘটনাক্রমে এক ব্যক্তি প্রাণ হারায়। আহত হয় আরও কমপক্ষে ২০ জন। রাজধানীর দক্ষিণে ইব শহরেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে নিহত হয় তিনজন। আহত হয় আরও অন্তত আটজন। বিবিসি, এএফপি।