সংলাপের জন্য ইরান প্রস্তুত: রুহানি

ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে ‘নির্দিষ্ট সময়ের মধ্যে এবং ফলপ্রসূ’ সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে গত মঙ্গলবার এ কথা বলেছেন। ইরানের ওপর আরোপিত বিভিন্ন অবরোধকে ‘হিংসাত্মক’ বলে উল্লেখ করেন রুহানি। রাসায়নিক অস্ত্রসংক্রান্ত নীতিমালা মেনে চলতে সম্মত হওয়ায় সিরিয়াকে স্বাগত জানান তিনি। এ ধরনের অস্ত্র ব্যবহারের নিন্দা জানান রুহানি। জাতিসংঘে নতুন ইরানি প্রেসিডেন্টের প্রথম ভাষণে সহনশীলতা ও বোঝাপড়ার মনোভাব প্রকাশ পেয়েছে। তবে তিনি ফিলিস্তিনিদের ব্যাপারে অবস্থান এবং ড্রোনের ব্যবহার ইত্যাদি বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতির সমালোচনা করেছেন। রুহানি আরও বলেন, ইরানের কাছ থেকে তথাকথিত যে হুমকির আশঙ্কা করা হয়, তা কাল্পনিক। বিশ্ব বা কোনো অঞ্চলের জন্য ইরান আসলেই কোনো হুমকি নয়। ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষানীতি অনুযায়ী পারমাণবিক বা কোনো ধরনের গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের সুযোগ নেই। তা ছাড়া এ ধরনের অস্ত্র ইরানের মৌলিক ধর্মীয় ও নৈতিক অবস্থানের বিরোধী। তাই সব ধরনের উদ্বেগ দূর করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে স্বচ্ছতাপূর্ণ সম্পর্ক অর্জনের লক্ষ্যে ইরান অবিলম্বে সংলাপে বসতে চায়। মঙ্গলবারই রুহানির আগে জাতিসংঘে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরান প্রসঙ্গে তিনি বলেছেন, রুহানির অধিকতর উদারপন্থী অবস্থান অনুপ্রেরণাদায়ক। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগ সফল হয় কি না, তা অবশ্যই যাচাই করে দেখতে হবে। ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে যুক্তরাষ্ট্র আশাবাদী। সম্প্রতি ক্ষমতাগ্রহণকারী ইরানি প্রেসিডেন্ট রুহানি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আগের চেয়ে খোলামেলা সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন। বিতর্কিত পরমাণু কর্মসূচির কারণে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে রেখেছে। তাদের সন্দেহ, তেহরান পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা তৈরি করছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, ওই পরমাণু কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। প্রেসিডেন্ট রুহানির ভাষণের সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর ভাষায়, রুহানির বক্তব্য বিদ্বেষ ও ভণ্ডামিতে পরিপূর্ণ। ইরানে সামরিক উদ্দেশ্যে পরিচালিত কর্মসূচি বন্ধ করার ব্যাপারে তিনি কোনো বাস্তবসম্মত ইঙ্গিত দেননি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিও তিনি কোনো অঙ্গীকার করেননি।
এদিকে বিশ্ব নেতাদের সম্মানে জাতিসংঘের মহাসচিব বান কি মুন মধ্যাহ্নভোজের আয়োজন করলেও তাতে যোগ দেননি প্রেসিডেন্ট রুহানি। ইরানি সংবাদমাধ্যম বলেছে, ভোজে মদ পরিবেশন করা হয়েছিল বলে রুহানি সেখানে যাননি। বিবিসি, নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট।