সংলাপের ডাক দিলেন মুরসি, প্রত্যাখ্যান বিরোধীদের
মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের ডাক দিয়েছেন। তবে এটি প্রত্যাখ্যান করে গতকাল শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ করেছে বিরোধীরা। সরকারের সমর্থক ও বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে সাতজন নিহত ও কয়েক শ ব্যক্তি আহত হওয়ার পর বৃহস্পতিবার মুরসি এই সংলাপের ডাক দেন।এদিকে মুরসির সমর্থক গোষ্ঠী মুসলিম ব্রাদারহুড বলেছে, রাজধানী কায়রোয় তাদের প্রধান কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে তাদের আরও কিছু কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।প্রেসিডেন্ট মুরসি বৃহস্পতিবার রাতে এক টেলিভিশন ভাষণে বলেন, নতুন খসড়া সংবিধানের ওপর ১৫ ডিসেম্বর গণভোট অনুষ্ঠানের পরিকল্পনা ঠিক পথেই রয়েছে। বিরোধীদলীয় নেতাদের প্রতি আজ শনিবার এক জাতীয় সংলাপে বসতে তিনি তাঁর ভাষণে আহ্বান জানান।মুরসি তাঁর ভাষণে গত কয়েক দিনে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৮০ জনকে আটক করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সমর্থকেরা সাম্প্রতিক সংঘাত উসকে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।সংলাপের ওই আহ্বান নাকচ করে গতকাল দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন বিরোধী নেতারা। তাঁদের ডাকে সাড়া দিয়ে গতকাল জুমার নামাজের পর রাজধানী কায়রোসহ সারা দেশে বিক্ষোভ করেছে মুরসিবিরোধীরা। সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের সরকার পতনের আন্দোলনে নেতৃত্বের সারিতে থাকা ‘এপ্রিল ৬’ গোষ্ঠী তাদের ফেসবুকের পাতায় বলেছে, মুরসির প্রতি শুক্রবারের এই বিক্ষোভ ‘চূড়ান্ত সতর্কবাণী’।মুরসির ভাষণের পর বৃহস্পতিবার রাতেই প্রেসিডেন্ট প্রাসাদের কাছে কয়েক হাজার মানুষ বিক্ষোভ দেখায়। তাদের অনেকেই হাতে জুতা উঁচিয়ে ক্ষোভ প্রকাশ করে। প্রেসিডেন্ট মোবারকের মতো মুরসিকেও প্রত্যাখ্যান করে তারা নানা স্লোগান দেয়। গতকাল দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজ শেষে লোকজন স্থানীয় স্কয়ারে বিক্ষোভে সমবেত হয়। বিক্ষোভ হয় কায়রো ও এর সিস্টার সিটি বলে পরিচিত গিজা নগরেও।বিরোধীদলীয় জোট ন্যাশনাল রেসকিউ ফ্রন্ট এক বিবৃতিতে বলেছে, ‘প্রকৃত বিষয় হলো, সরকার গণমানুষের দাবি ও বিক্ষোভ উপেক্ষা করে চলায় যেকোনো ধরনের আলোচনার দরজা বন্ধ হয়ে গেছে।’হোয়াইট হাউসও এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার মোহাম্মদ মুরসিকে টেলিফোন করে সহিংসতায় প্রাণহানি ও বিপুলসংখ্যক মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি প্রেসিডেন্ট মুরসির ওই সংলাপের আহ্বানকে স্বাগত জানালেও এটি কোনো রকম পূর্বশর্ত ছাড়াই হতে হবে বলে উল্লেখ করেন। ওবামা বিরোধীদের প্রতিও শর্তহীনভাবে এ সংলাপে বসার অনুরোধ জানিয়েছেন। রয়টার্স, বিবিসি ও এএফপি।