সংশোধনী ছাড়াই ব্রেক্সিট বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত শত সংশোধনী প্রস্তাব, দুই দিনব্যাপী তুমুল বিতর্ক। কিন্তু শেষ পর্যন্ত কোনো ধরনের সংশোধনী ছাড়াই ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ ‘হাউস অব কমন্সে’ পাস হয়ে গেল ব্রেক্সিট বিল। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের সদস্যপদ পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার যে পরিকল্পনা প্রধানমন্ত্রী থেরেসা মে তুলে ধরেছেন, তা বাস্তবায়নের বাধা অনেকটা কেটে গেল। এখন উচ্চকক্ষ ‘হাউস অব লর্ডসে’র অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে।

ব্রেক্সিট বিল নামে পরিচিত হলেও এর আনুষ্ঠানিক নাম ‘ইউরোপীয় ইউনিয়ন (উইথড্রয়াল নোটিফিকেশন) বিল’। এই বিলে ইইউ থেকে যুক্তরাজ্যের সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে এমপিদের অনুমোদন চেয়েছে সরকার।

বুধবার হাউস অব কমন্সে বিলটির ওপর অনুষ্ঠিত চূড়ান্ত ভোটাভুটিতে ৪৯৪ জন এমপি পক্ষে ভোট দিয়েছেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ১২২ জন। ক্ষমতাসীন কনজারভেটিভ ও বিরোধী দল লেবার পার্টি এই বিলে সমর্থন দিতে নিজ নিজ এমপিদের প্রতি নির্দেশ জারি করে। সেই নির্দেশ অমান্য করে কনজারভেটিভ পার্টির একজন এবং লেবার পার্টির ৫২ জন এমপি বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। দলীয় অবস্থানের সমালোচনা করে লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে মোট চার এমপি পদত্যাগ করেছেন। লিবারেল ডেমোক্র্যাট, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ও ওয়েলসের প্লাইড কামরি বিলটির বিরোধিতা করে।

যুক্তরাজ্যে অবস্থানরত ইইউভুক্ত দেশের নাগরিকদের বসবাসের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে লেবার পার্টি একটি প্রস্তাব আনে। আর লিবারেল ডেমোক্র্যাট ব্রেক্সিটের শর্তগুলোর ওপর গণভোট আয়োজনের প্রস্তাব করে। একই দিন অনুষ্ঠিত ভোটাভুটিতে দুটি প্রস্তাবই বিপুল ভোটে নাকচ হয়ে যায়। এ ছাড়া গত মঙ্গলবার এক ভোটাভুটিতে স্কটল্যান্ডের প্রাদেশিক এমপিরা ব্রেক্সিট বিলের বিপক্ষে নিজেদের অবস্থান জানান দেন। ওই অবস্থানকে উড়িয়ে দিয়ে সরকার বলছে, তারা প্রাদেশিক সরকারের কথা শুনতে বাধ্য নয়। ফলে স্কটল্যান্ড স্বাধীনতার প্রশ্নে পুনরায় গণভোট আয়োজনের হুমকি দিয়েছে।