সংস্কার চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার কিউবা নীতি হালনাগাদ করা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক রাজনৈতিক তহবিল গঠন অনুষ্ঠানে এ কথা বলেন ওবামা। কিউবান বংশোদ্ভূত বিশিষ্ট মার্কিন হোর্হে মাস স্যান্টোসের বাড়িতে এর আয়োজন করা হয়েছিল। স্যান্টোস কিউবান-আমেরিকান ন্যাশনাল ফাউন্ডেশন (সিএএনএফ) নামের একটি প্রভাবশালী সংগঠনের প্রধান। ওবামা বলেন, কিউবায় নাগরিকদের স্বাধীনতা আসবে আন্দোলনকর্মীদের মাধ্যমে। তবে যুক্তরাষ্ট্র এতে ‘সৃষ্টিশীল’ ও ‘বিবেচনাপ্রসূত’ উপায়ে সহায়তা করতে পারে। ফিদেল কাস্ত্রো ১৯৫৯ সালে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে মার্কিন মালিকানাধীন সম্পদ জাতীয়করণ করলে যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে। ১৯৬২ সাল থেকে যুক্তরাষ্ট্র দেশটির ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে। এএফপি।