সংস্কার থেকে ফিরে আসুন, নইলে বিকল্প চিন্তা: মুলায়ম
ভারতের সমাজবাদী পার্টির (এসপি) নেতা মুলায়ম সিং যাদব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কেন্দ্রের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারকে জ্বালানির দাম বাড়ানো ও খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। তা না হলে তিনি বিকল্প চিন্তা করবেন।অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে সরকারের এসব সিদ্ধান্তের প্রতিবাদে এনডিএ জোট, কয়েকটি বাম দল ও সমাজবাদী পার্টির ডাকে ভারতজুড়ে গতকাল বৃহস্পতিবার ধর্মঘট পালিত হয়েছে। এ সময় বিভিন্ন স্থানে বিক্ষোভও হয়। নয়াদিল্লিতে মুলায়ম সিং সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সরকার একের পর এক নীতি প্রবর্তন করছে। এর ফলে দেশের মানুষের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে। আর এসব নীতির অন্যতম বিশেষত ডিজেলের মূল্যবৃদ্ধি কৃষকদের মারাত্মক ক্ষতির সম্মুখীন করেছে।’তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ জোটের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার পর থেকে ধারণা করা হচ্ছিল, সমাজবাদী পার্টি কেন্দ্রীয় সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। বাম নেতা প্রকাশ কারাত বলেন, তৃতীয় ফ্রন্টের নেতা হিসেবে মুলায়ম সিংয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি এখন বিকল্প চিন্তাভাবনা করতেই পারেন। হিন্দুস্তান টাইমস।