সংস্কার নিয়ে বৈঠকে বসেছেন চীনা নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দশকে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক লক্ষ্য স্থির করতে চীনের নেতারা গতকাল শনিবার রাজধানী বেইজিংয়ে রুদ্ধদ্বার বৈঠক শুরু করেছেন। দেশটির নতুন নেতাদের তৃতীয় পূর্ণাঙ্গ বৈঠক হবে এটি।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার সংক্ষিপ্ত এক খবরে বলা হয়, বৈঠকে গভীর সংস্কারসংক্রান্ত প্রধান প্রধান ইস্যু নিয়ে বিশদ আলোচনা করা হবে।
নতুন প্রজন্মের নেতারা চীনের দায়িত্ব নেওয়ার পর দেশের ক্ষমতাসীন (ও একমাত্র) দল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন এটি। সাধারণত চীনের নতুন নেতারা দেশের দায়িত্ব নেওয়ার এক বছর পর কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন হয়।
যেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে, তার মধ্যে রয়েছে আর্থিক খাত ও রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর উদারীকরণ এবং গৃহস্থালির নিবন্ধন-পদ্ধতির সংস্কার। গত মাসে কমিউনিস্ট পার্টির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, বৈঠকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ‘নজিরবিহীন’ সংস্কার নিয়ে আলোচনা করা হবে। তাঁর ওই ঘোষণার পর থেকে নতুন এই অর্থনৈতিক পরাশক্তির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বৈঠকের ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে বিশ্ব।
চীনের রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার অব দ্য স্টেট কাউন্সিলের প্রকাশিত এক প্রতিবেদনে বৃহত্তর তিনটি বিভাগে এবং আটটি গুরুত্বপূর্ণ খাতে সংস্কার আনার আহ্বান জানানো হয়েছে। ৩৮৩ পরিকল্পনা নামে পরিচিত ওই পরিকল্পনায় বাজার উদারীকরণ, উদ্ভাবন ও প্রতিযোগিতাকে উৎসাহিত করা এবং সরকারি কাজে স্বচ্ছতা আনার ব্যবস্থা নিতে নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৈঠকটি রুদ্ধদ্বার বলে এর প্রভাব শিগগিরই জানা যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া কোনো প্রকার রাজনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হওয়ারও প্রত্যাশা করছেন না বিশ্লেষকেরা। আবার অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের বিষয়ে বৈঠকে মতৈক্য হলেও স্থানীয় কর্মকর্তারা ও গোষ্ঠীগুলো নিজেদের স্বার্থে সেগুলো বাস্তবায়নে অনাগ্রহ দেখাতেও পারে।
এর আগের তৃতীয় পূর্ণাঙ্গ বৈঠকটি চীনের উন্নয়নের ওপরে বিরাট প্রভাব ফেলেছিল। ১৯৭৮ সালে এ বৈঠকের সময় তৎকালীন নেতা দেং জিয়াওপিং চীনের অর্থনীতি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। এর মাধ্যমে বাজারমুখী গুরুত্বপূর্ণ সংস্কারে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ১৯৯৩ সালে তৎকালীন নেতা ঝু রংজি ‘সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি’র ঘোষণা দেন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন খাতের একটি বিরাট অংশ ভেঙে দেন।
এবারের বৈঠককে কেন্দ্র করে রাজধানী বেইজিংয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গত সপ্তাহে তিয়েনআনমেন স্কয়ারে ‘সন্ত্রাসী হামলা’র ঘটনায় পাঁচজন নিহত হওয়া নিয়ে রাজধানীর পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। চীনা কর্মকর্তাদের ভাষ্যমতে, পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং এলাকা থেকে আসা মুসলিম ‘সন্ত্রাসীরা’ ওই হামলার জন্য দায়ী। কয়েকজন ব্যক্তি তাদের জিপগাড়ি স্কয়ারে লোকজনের ওপর দিয়ে চালিয়ে দিলে ওই নিহতের ঘটনা ঘটে। বিবিসি।