আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার প্রতিশ্রুতি দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। পার্লামেন্টে বাজেট সংস্কার বিল পাস হওয়ার পর যত দ্রুত সম্ভব পদত্যাগ করবেন বলেও জানিয়েছেন তিনি।বেরলুসকোনি গতকাল বুধবার লা স্টামপা পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এই প্রতিশ্রুতি দেন।ইউরোপে চলমান ঋণসংকট থেকে বাঁচতে ইউরোপীয় ইউনিয়নের পরামর্শে অর্থনৈতিক সংস্কারসংক্রান্ত একটি বিল পাসের উদ্যোগ নিয়েছে বেরলুসকোনি সরকার।সাক্ষাৎকারে বেরলুসকোনি বলেন, ‘বাজেট সংস্কার বিল পাস হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব আমি পদত্যাগ করব। এই প্রক্রিয়া চলতি মাস শেষ হওয়ার আগেই হতে পারে। আমার ধারণা, আগামী ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন হতে পারে। ওই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না।’ তিনি বলেন, তিনি চান তাঁর পদত্যাগের পর প্রেসিডেন্ট জিওর্জিও নাপোলিতানো পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেন। বেরলুসকোনি জানান, তাঁর দল দ্য পিপল অব ফ্রিডমের নেতা ও সাবেক বিচারমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তিনি বলেন, ‘এখন আলফানোর সময়। তিনি খুব ভালো মানুষ। নেতা হিসেবে তিনি সবার কাছে গ্রহণযোগ্য হবেন।’পদত্যাগের পর কী করবেন—এ প্রশ্নের জবাবে বেরলুসকোনি বলেন, ‘ফুটবল ক্লাব এসি মিলানের প্রেসিডেন্টের পদে ফিরে যতে পারি।’ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষে দৈনন্দিন কার্যক্রমের এক ভোটাভুটিতে স্পষ্ট হয়ে ওঠে, এখানে বেরলুসকোনির সংখ্যাগরিষ্ঠতা নেই। এর কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী বেরলুসকোনি সিদ্ধান্ত নেন, আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না এবং বাজেট সংস্কার বিল পাস হওয়ার পরপরই পদত্যাগ করবেন।ইতালির বাজেট সংস্কার বিষয়ে বিলটি আগামী সপ্তাহে পার্লামেন্টে তোলা হতে পারে। ইতালির ইতিহাসে কয়েক দফায় তৃতীয় সর্বোচ্চ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেরলুসকোনি। যদিও গত কয়েক বছরে তাঁর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ উঠছে।ইউরো জোনের ১৭টি দেশের মধ্যে গ্রিস ও ইতালি সরকার চরম ঋণসংকটে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই পরিস্থিতি থেকে দেশ দুটিকে বের করে আনতে নানা উদ্যোগ নিচ্ছে।এদিকে ঋণে জর্জরিত গ্রিসে গতকাল একটি অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়ার কথা। এএফপি।