সংস্কারই চীনের নতুন নেতৃত্বের জন্য পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১৮তম সম্মেলনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে নতুন নেতৃত্বই চালাবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনকে। এবারের সম্মেলনে সর্বসম্মতিক্রমে সংস্কারের পক্ষে মত দিয়েছেন দলীয় নেতারা। এ জন্য দলের শাসনতন্ত্রেও পরিবর্তন আনা হয়েছে। তবে বিশ্লেষকেরা বলছেন, এই সংস্কারই হবে নতুন নেতৃত্বের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।সংস্কারের জন্য সম্মেলনে নেতারা চীনের বিজ্ঞানভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন। এ জন্য যে প্রস্তাব পাস করা হয়েছে, তাতে বিজ্ঞানের সঙ্গে মার্ক্সবাদ-লেলিনবাদ, মাও জেদংয়ের আদর্শ এবং দেং শিয়াওপিংয়ের তত্ত্বের সংমিশ্রণ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ উদ্যোগে দেশকে একটি ভারসাম্যপূর্ণ উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে নেতাদের দৃঢ় মানসিকতা ফুটে উঠেছে। একই সঙ্গে নেতারা এটাও স্বীকার করে নিয়েছেন যে এই স্তরে এসে এখন চীনের উন্নয়ন প্রয়োজন। সংস্কারের উদ্যোগ প্রসঙ্গে সিপিসি সেন্ট্রাল কমিটির পার্টি স্কুলের অধ্যাপক শিন মিং বলেন, ‘সঠিক সময়ে সঠিক উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি বলেন, সম্মেলনে সর্বসম্মতিক্রমে সংস্কারের পক্ষে প্রস্তাব পাস হয়েছে বলে সংস্কারের পথ যে মসৃণ তা কিন্তু নয়। অনেকে এই সংস্কারের বিপক্ষে। কিন্তু এ মুহূর্তে সংস্কারের বিরোধিতা করা মানে চীনের এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ করে দেওয়া।জনগণের অনেকের মধ্যে সাম্প্রতিক সময়ে হতাশা নেমে এসেছে। খাদ্যঘাটতি, ধনী-দরিদ্রের বৈষম্য, পরিবেশ বিপর্যয়, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাই এসব হতাশার কারণ। এর সঙ্গে যোগ হয়েছে ক্ষমতাসীন নেতাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ। যারা বড় প্রমাণ সিপিসির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য বো শিলাই। দুর্নীতির অভিযোগে গত ফেব্রুয়ারিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগ পর্যন্ত তাঁকে চীনের সম্ভাব্য পরবর্তী নেতা বলে মনে করা হতো।বিশ্লেষকেরা বলছেন, সংস্কারের জন্য প্রথমে জনগণের কথা ভাবতে হবে। জনগণ কী চায়, তা চিন্তা করতে হবে। সিপিসির প্রতিষ্ঠিত ফুডান বিশ্ববিদ্যালয়ের ঝেং চ্যাংঝং বলেন, দলের নতুন নেতৃত্বকে জনগণের বহুমুখী অনুরোধগুলো বিবেচনায় নিতে হবে। এর একটি অগ্রাধিকারভিত্তিক তালিকা তৈরি করতে হবে। এরপর সঠিক সময়ে সংস্কারের পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে।সিপিসি সেন্ট্রাল কমিটির পার্টি স্কুলের অধ্যাপক দুয়ান পেইজুন বলেন, বিজ্ঞানভিত্তিক উন্নয়ন পরিকল্পনা চীনের বর্তমান ধীরগতির উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করবে।