সংস্কারবিরোধী মন্ত্রীদের সরিয়ে দিচ্ছে মিয়ানমার সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাজনৈতিক সংস্কারে গতি আনতে মন্ত্রিসভায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন। সংস্কারবিরোধী মন্ত্রীদের প্রভাব হ্রাস করার লক্ষ্যে এ পরিবর্তন আনা হচ্ছে বলে কর্মকর্তারা জানান।এদিকে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নবনির্বাচিত এমপিরা গতকাল বুধবার পার্লামেন্টে যোগ দিয়েছেন। সরকারের সঙ্গে ঘনিষ্ঠ কর্মকর্তারা এদিনই মন্ত্রিসভায় পরিবর্তন আনার তথ্য জানিয়েছেন। মন্ত্রিসভায় রদবদলের পাশাপাশি নতুন একজন ভাইস প্রেসিডেন্টও নিয়োগ দেওয়া হবে।পার্লামেন্টের উচ্চকক্ষের একজন আইনপ্রণেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মন্ত্রিসভাকে আরও উদ্যমী ও গতিশীল করে তুলতে চান প্রেসিডেন্ট থেইন সেইন। এ কারণে সংস্কারের বিষয়ে নিস্পৃহ কয়েকজন মন্ত্রীকে সরানো দরকার। তিনি জানান, পুনর্বিন্যাসের অংশ হিসেবে কয়েকটি মন্ত্রণালয়কে এক করা হতে পারে অথবা কয়েকটি মন্ত্রণালয়কে অন্য মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হতে পারে।মিয়ানমারের দুজন ভাইস প্রেসিডেন্টের মধ্যে তিন অং মায়িন্ত উকে সংস্কারবিরোধীদের নেতা হিসেবে ধরা হয়। সাবেক জান্তাপ্রধান থান শোয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতা চলমান রাজনৈতিক সংস্কারবিরোধী। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ৩ মে তিনি পদত্যাগ করেন। কিন্তু প্রেসিডেন্ট তাঁর পদত্যাগপত্র গ্রহণ না করে তাঁকে দুই মাসের ছুটি দেন।ইউনিয়ন পার্লামেন্টের স্পিকার খিন অং মায়িন্ত জানান, তিন অং মায়িন্তের উত্তরসূরি নির্বাচন করবে সেনাবাহিনী। কেননা, পার্লামেন্টে তাঁদের এক-চতুর্থাংশ আসন রয়েছে। তিনি জানান, সেনাবাহিনীর প্রতিনিধিদের ১০ জুলাইয়ের মধ্যে নতুন একজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। পরে তাঁদের নির্বাচিত প্রার্থীকে অনুমোদন করবেন এমপিরা।এনএলডির নির্বাচিত এমপিরা গতকাল পার্লামেন্টে যোগ দিলেও তাঁদের নেতা সু চি যোগ দেননি। ইউরোপে দীর্ঘ সফরের ক্লান্তির কারণে তিনি অধিবেশনের প্রথম দিনে পার্লামেন্টে যাননি। আগামী সোমবার তিনি পার্লামেন্টে যোগ দেবেন।আগে আনুষ্ঠানিকভাবে শপথ না নেওয়া এনএলডির তিনজন এমপি গতকাল শপথ নেন। পার্লামেন্টের স্পিকার নতুন সদস্যদের অভিনন্দন জানান। তিনি জানান, নতুন এমপিদের যোগদানে পার্লামেন্টের সম্মান ও শক্তি বেড়েছে।পার্লামেন্টের চলতি অধিবেশনে বৌদ্ধ রাখাইন ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে জাতিগত সহিংসতা, অর্থনৈতিক সংস্কার ও বিদেশি বিনিয়োগের বিষয় প্রাধান্য পাচ্ছে। জাতিগত ওই সহিংসতায় অনেক হতাহত হওয়ার পাশাপাশি হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। রয়টার্স ও এএফপি।