সংস্কারের খবর নাকচ করে দিয়েছে পিয়ংইয়ং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক সংস্কারের উদ্দেশে উত্তর কোরিয়া নীতি পরিবর্তনের পরিকল্পনা করছে বলে দক্ষিণ কোরিয়া যে খবর প্রকাশ করেছে, তা নাকচ করে দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার একটি সরকারি সংস্থা ওই খবরকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে। সিউল বলেছে, উত্তর কোরিয়ার বর্তমান নেতৃত্ব অতীতের নীতে থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।সম্প্রতি উত্তর কোরিয়ার সেনাপ্রধান জেনারেল রি ইয়ং হুকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সমালোচকেরা পিয়ংইয়ংয়ের অর্থনৈতিক সংস্কার নিয়ে বিরোধ চলছে বলে গুঞ্জন তোলেন। গত ডিসেম্বরে মারা যান সাবেক নেতা কিম জং-ইল। এরপর ক্ষমতা গ্রহণ করেন তাঁর ছেলে কিম জং-উন। উত্তর কোরিয়ার ‘কমিটি ফর দ্য পিসপুল রিইউনিফিকেশন অব কোরিয়া’র একজন মুখপাত্র রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএকে বলেন, কিম জং-উন তাঁর বাবার মতো সামরিক নীতিকেই অগ্রাধিকার দেবেন। সমাজতন্ত্রের আওতায় তিনি জনগণের জন্য আরামদায়ক জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবেন। তিনি বলেন, ‘পুতুল সরকার (দক্ষিণ কোরিয়া) উত্তর কোরিয়ার বর্তমান নেতৃত্ব অতীতের নীতি ভঙ্গ করছে বলে ধারণা দেওয়ার চেষ্টা করেছে। এটা অজ্ঞতার চরম পর্যায়। নীতির পরিবর্তন করে সংস্কারের প্রত্যাশা করাটা বোকামি ও দুর্বল স্বপ্ন ছাড়া কিছুই নয়।’ওই মুখপাত্র অভিযোগ করেন, সিউল পিয়ংইয়ংয়ের ওপর পুঁজিবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু উত্তর কোরিয়ার নীতিতে সামান্যতম পরিবর্তন আনা হবে না। বিবিসি।