সংস্কারের ঘোষণার পরও ব্রাজিলে বিক্ষোভ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের সংস্কারের ঘোষণার পরও দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। বেলো হরিজন্তে ও সালভাদর শহরে নতুন করে বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের দাবির মুখে রুসেফ শুক্রবার স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় বাড়ানোসহ বিভিন্ন সংস্কারের ঘোষণা দেন।বন্দরনগরী সাও পাওলোসহ বেশ কয়েকটি শহরে শনিবারও বিক্ষোভ চলে। তবে তা ছিল মূলত শান্তিপূর্ণ।শনিবার বেলো হরিজন্তে শহরের কেন্দ্রস্থলে একদল বিক্ষোভকারী জড়ো হয়ে মিনেইরাও স্টেডিয়ামের দিকে মিছিল করে যায়। সেখানে মেক্সিকো ও জাপানের মধ্যে কনফেডারেশনস কাপের খেলা চলছিল। একদল বিক্ষোভকারী স্টেডিয়ামের বাইরে পুলিশ ও ন্যাশনাল গার্ডের বেষ্টনী ভেঙে ঢোকার চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়। দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।সাও পাওলোতে বেশ কয়েক হাজার মানুষ মিছিল বের করলে নগরীর সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর একটি আভেনিদা পলিস্তা বন্ধ হয়ে যায়। ২ জুন সাও পাওলো নগরে বাসভাড়া বাড়ানো নিয়ে গণবিক্ষোভ শুরু হয়। সেখানে একক বাসযাত্রার ভাড়া তিন রিয়াল (১২০ টাকার মতো) থেকে বাড়িয়ে ৩ দশমিক ২০ রিয়াল করা হয়েছিল। তবে শিগগিরই দুর্নীতি, সরকারি সেবার নিম্নমান ও আগামী বিশ্বকাপ ফুটবলের ব্যয়বহুল আয়োজনসহ নানা বিষয় নিয়ে শহরে শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বাসভাড়া কমানো এবং শুক্রবার প্রেসিডেন্টের সংস্কারের ঘোষণার পরও বিক্ষোভকারীরা ঘরে ফিরছে না। বিবিসি।