সংস্কারের স্বপ্ন দেখছেন হাবিবা
আফগান নারী হাবিবা দানিশের বয়স এখন ৩০ বছর। তালেবান শাসনের সময় মাত্র ১৭ বছর বয়সে সন্ত্রাসী হামলায় তিনি স্বামীকে হারান। কিন্তু তিনি থেমে যাননি। স্বপ্ন ছিল দেশের রাজনৈতিক সংস্কারে অবদান রাখার। সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। ২০০৫ সালে মাত্র ২৫ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর গত সেপ্টেম্বরে নির্বাচিত হয়েছেন দ্বিতীয় দফায়। প্রথম ও দ্বিতীয় দফায় নির্বাচিত তিনিই দেশের সবচেয়ে কম বয়সী সাংসদ।চলতি মাসের শেষের দিকে আফগান পার্লামেন্টের অধিবেশন শুরু হবে। সে জন্য অপেক্ষয়ায় আছেন তাখার আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ হাবিবা। তিনি বলেন, ‘আমি গভীর আগ্রহের সঙ্গে অপেক্ষায় আছি, কবে অধিবেশন শুরু হবে। রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে তালেবানকে পুনরায় সংশ্লিষ্ট করা এবং আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়াসংশ্লিষ্ট কিছু প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করতে চাই।’আফগানিস্তানে বিদেশি শক্তির হস্তক্ষেপের বিরুদ্ধে দশকের পর দশক ধরে বিরূপ মনোভাব পোষণ করছে দেশটির মানুষ। সাংসদ হাবিবাও এর ব্যতিক্রম নন। আফগানিস্তানের রাজনীতি এবং অতি সাধারণ ব্যাপারেও পাকিস্তানের হস্তক্ষেপের বিরুদ্ধে রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায় রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। এ বিষয়ে হাবিবার খোলাখুলি মন্তব্য, ‘ভবিষ্যতে আমাদের ব্যাপারে ইসলামাবাদের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই।’হাবিবা বলেন, ‘আমি পেশোয়ারে পড়াশোনা করেছি। কাজেই পাকিস্তানের মনোভাব আমি খুব কাছ থেকে অনুধাবন করেছি। আমাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে প্রেসিডেন্ট হামিদ কারজাই কেন পাকিস্তানিদের সমর্থন ভিক্ষা করবেন? আমি মনে করি, এটি আমাদের জন্য ক্ষতিকর। কেননা, আমরা যুদ্ধবিধ্বস্ত দেশটিকে পুনর্গঠনের চেষ্টা করছি।’গত সেপ্টেম্বরের নির্বাচনে সংসদের এক-চতুর্থাংশের বেশি আসনে অর্থাৎ ২৪৯টির মধ্যে ৬৮টিতে নির্বাচিত হয়েছেন নারীরা। মৌলবাদী সমাজব্যবস্থা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে এটিই সম্ভবত এখনো পর্যন্ত সবচেয়ে ইতিবাচক অগ্রগতি।তালেবান আমলে আফগানিস্তানের নারীরা ঘর থেকে বেরই হতে পারতেন না। ১৯৮৯ সালে সোভিয়েত সৈন প্রত্যাহারের পর থেকে দেশটিতে রাজনৈতিক ও সামাজিকভাবে নারীদের সক্রিয় ভূমিকা বলতে গেলে অসম্ভবই হয়ে পড়েছিল। সেই দেশে এখন এক-চতুর্থাংশের বেশি সাংসদ নারী।