সংস্কৃতি এক্সপ্রেসের উদ্বোধন কাল
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী স্মরণে রাখার জন্য কাল রোববার বিকেলে কলকাতায় উদ্বোধন হচ্ছে ‘সংস্কৃতি এক্সপ্রেস’-এর। এটি কোনো যাত্রীবাহী ট্রেন নয়; চলন্ত একটি রবীন্দ্র-জাদুঘর। পাঁচটি শীতাতপ কোচ নিয়ে তৈরি হয়েছে এই চলন্ত রবীন্দ্র-জাদুঘর। এতেই থাকছে কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে প্রদর্শনী। এক বছর ধরে ট্রেনটি চলবে ভারতজুড়ে। দাঁড়াবে দেশের ৭০টি রেলস্টেশনে। কলকাতার হাওড়া স্টেশন থেকে ছাড়বে এটি। উদ্বোধন করবেন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আগামী বছর ২৫ বৈশাখের আগেই এই সংস্কৃতি এক্সপ্রেসটি ফিরে আসবে কলকাতায়।এই ট্রেনের পাঁচটি কোচের প্রদর্শনী সাজানো হয়েছে পাঁচটি বিষয় নিয়ে। কোচগুলোর নাম রাখা হয়েছে—জীবনস্মৃতি, গীতাঞ্জলি, যোগাযোগ/মুক্তধারা, চিত্ররেখা ও শেষ কথা। প্রথম কোচে থাকছে বিভিন্ন মুহূর্তে ক্যামেরায় বন্দী রবীন্দ্রনাথ। দ্বিতীয় কোচে কবিতা ও গানের পাণ্ডুলিপি; সেখানে বাজবে রবীন্দ্রসংগীত। তৃতীয় কোচে থাকবে কবি, গায়ক, অভিনেতা রবীন্দ্রনাথের নানা পরিচয়। চতুর্থ কোচে দেখা যাবে কবির আঁকা নানা ছবি। আর পঞ্চম কোচে থাকবে শান্তিনিকেতন থেকে কলকাতায় কবির শেষ ট্রেনযাত্রার নানা ছবি, জীবনের শেষ কদিনের রচিত কবিতা এবং ওই সময়ের নানা জনের স্মৃতিকথা। এ ছাড়া থাকবে শান্তিনিকেতনের হস্তশিল্প প্রদর্শনী।