সক্রিয় রাজনীতিতে ফিরে আসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ গতকাল শনিবার সক্রিয় রাজনীতিতে ফিরে আসার ব্যাপারে তাঁর পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের পরবর্তী সাধারণ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, এ নির্বাচন যখনই অনুষ্ঠিত হোক না কেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তাঁর সমর্থকদের এক সমাবেশে মোশাররফ টেলিকনফারেন্সের মাধ্যমে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা প্রকাশ করেন।পারভেজ মোশাররফ এক বছরের বেশি সময় ধরে বিদেশে অবস্থান করছেন। তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, পাকিস্তানের রাজনীতিতে অংশগ্রহণ করব।’ তিনি ২০০৮ সালের আগস্টে পদত্যাগ করেন। যদিও তিনি সে সময় পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বাধীন সরকারের অভিশংসন এড়ানোর জন্য পদত্যাগ করেছিলেন।মোশাররফ বলেন, তিনি পাকিস্তানে ফিরতে সংকল্পবদ্ধ। তিনি বলেন, বিভিন্ন দেশে তাঁর সাম্প্রতিক সফরে তিনি বিদেশে অবস্থানরত পাকিস্তানিদের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছেন। এই পাকিস্তানিদের সঙ্গে বিদেশে যখন সাক্ষাৎ করেছি, তখন তাঁরা আমাকে বলেছেন, আপনার পাকিস্তানে ফিরে যাওয়া উচিত। পারভেজ মোশাররফ বলেন, ‘পাকিস্তানকে এগিয়ে নিতে আমার ভাবনাগুলো আমি উপযুক্ত সময়ে প্রকাশ করব।’ তিনি আরও বলেন, ‘আমার চিন্তা-ভাবনা খুব শিগগিরই জনগণের সামনে উপস্থাপন করব।’ মোশাররফ সামাজিক নেটওয়ার্ক ফেসবুকের ভক্তসহ যাঁরা তাঁকে সমর্থন করছেন, তাঁদের ধন্যবাদ জানান। ফেসবুকে তাঁর এক লাখ ৭৫ হাজারের বেশি ভক্ত রয়েছে। তিনি বলেন, ‘আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আপনাদের আমি হতাশ করব না।’ এনডিটিভি অনলাইন।