আর কিছু না হোক, নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের পর দেশজুড়ে জনরোষ রাজধানী নয়াদিল্লিতে সচেতনতা বাড়িয়ে তুলেছে। গত এক বছরে দিল্লির থানাগুলোতে নারী নির্যাতনের অনেক বেশি অভিযোগ নথিভুক্ত হয়েছে। পাশাপাশি এটাও সত্য, গত এক বছরে নারী নির্যাতনের মামলার নিষ্পত্তির হার আগের তুলনায় কমে গেছে।
গত বছরের ১৫ ডিসেম্বর দিল্লির একটি চলন্ত বাসে নির্ভয়াকে (ছদ্মনাম) তাঁর পুরুষ বন্ধুর সামনেই চারজন ধর্ষণ করে। মারাত্মকভাবে আহতাবস্থায় চলন্ত বাস থেকে বন্ধুসহ তাঁকে ফেলে দেয় তারা। সেই ঘটনার পর নারী নিরাপত্তা ও অপরাধীদের চরম সাজা দেওয়ার দাবিতে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে ওঠে। পুলিশের কাছে জবানবন্দি দিলেও শেষ পর্যন্ত সিঙ্গাপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে সরকার দ্রুত প্রচলিত আইনে সংশোধন এনে তাদের কঠোর সাজার বন্দোবস্ত করে। জড়িত ছয়জনের একজন কারাগারে আত্মহত্যা করে। বাকিদের মধ্যে চারজনের ফাঁসির দণ্ড হয় এবং অন্যজন অপ্রাপ্তবয়স্ক বলে তার তিন বছরের সাজা হয়।
সরকার সিদ্ধান্ত নেয়, নারী নির্যাতনের সব মামলার বিচার দ্রুত বিচার আদালতে হবে। সে জন্য দিল্লিতে ছয়টি ধরনের বিশেষ আদালত বসানো হয়।
নির্ভয়া গণধর্ষণের বর্ষপূর্তির দিনে দিল্লি পুলিশ জানায়, অব্যাহত প্রচারণা সচেতনতা বাড়িয়ে নির্যাতিতদের অনেক বেশি সাহসী করে তুলেছে। অনেকেই থানায় অভিযোগ করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই ঘটনার আগের বছর দিল্লির থানাগুলোতে ৬৬১টি ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়েছিল। গত এক বছরে অভিযোগ জমা পড়েছে এক হাজার ৪৯৩টি।
সচেতনতা বাড়লেও নারী নির্যাতনের এসব মামলার নিষ্পত্তির হার কমে গেছে। এসব মামলার বিচার কেবল ছয়টি দ্রুত বিচার আদালতে হচ্ছে। ফলে সব আদালতে যেখানে নির্ভয়াকাণ্ডের আগে বছরে ৫০০ (২০১২) থেকে ৭০০ (২০১০) মামলার নিষ্পত্তি হয়েছে, সেখানে ২০১৩ সালে নিষ্পত্তি হয়েছে মাত্র ৪১৫টি মামলার।
দিল্লি পুলিশের বিশেষ কমিশনার দীপক মিশ্র বলেন, আদালতের দীর্ঘসূত্রতা, একেকজনের কাছে ১৮-২০টি তদন্তের দায়িত্বসহ নানা কারণে মামলার নিষ্পত্তিতে দেরি হচ্ছে।