মিয়ানমারে মার্কিন পররাষ্ট্রনীতির জয় হয়েছে—সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মিয়ানমার কয়েক দশকের সামরিক শাসন থেকে বেরিয়ে পশ্চিমাদের দিকে ঝুঁকতে শুরু করেছে, এ জন্য মার্কিন কূটনীতি ধন্যবাদ পেতেই পারে। তবে মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক মিয়ানমার সফরের দুই বছর পর যুক্তরাষ্ট্রের সেই অর্জন ঝুঁকির মুখে পড়েছে।
মিয়ানমার সরকার গণমাধ্যমের ওপর খবরদারি করছে। ধর্মীয় স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে পার্লামেন্টে নতুন আইন করার পরিকল্পনা চলছে। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে সাংবিধানিক বাধা জিইয়ে রাখছে। এই সু চিকে মুক্তি দিয়েই সামরিক শাসন থেকে বেরিয়ে আসার পথে চলা শুরু করেছিল মিয়ানমার। তবে যুক্তরাষ্ট্র যেমনটা চেয়েছিল, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার ঠিক সেই গণতন্ত্রের পথে হাঁটছে না।
মিয়ানমারে এখন সবচেয়ে খারাপ পরিস্থিতি পশ্চিমাঞ্চলে। যেখানে এক লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিমের বাস। এই জনগোষ্ঠী কার্যত সেখানে কারাবন্দী জীবন যাপন করছে। সরকারের কাছ থেকে তারা যৎসামান্য খাদ্যসহায়তা ও স্বাস্থ্যসেবা পাচ্ছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক বিশেষ দূত টমাস ওজেয়া কুয়িন্টানা ওই অঞ্চলের পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে গত এপ্রিলে বলেন, সেখানে রোহিঙ্গাদের দুরবস্থা ‘গণহত্যার একটি উপাদান’ তৈরি করেছে।
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ওবামার একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মিয়ানমার সফরে যাওয়ার কথা। মার্কিন কর্তৃপক্ষের প্রত্যাশা, ওই সময় নাগাদ এশিয়ায় কৌশলগত ‘ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠার মতো’ পরিবর্তন অর্জন করবে মিয়ানমার।
এ প্রসঙ্গে কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি বলেন, ‘রাজনৈতিক সুবিধার বিষয়টি থাকা সত্ত্বেও মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমাদের নৈতিক বাধ্যবাধকতার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।’
এটা সত্য, পাঁচ বছর আগের তুলনায় এখন মিয়ানমারে কর্তৃত্ববাদী শাসন তেমন কঠোর নয়। ওই সময় ভিন্নমত প্রকাশ বা নিরপেক্ষ নির্বাচন বন্ধ ছিল। অনেক রাজনৈতিক কর্মীকে কারাবন্দী করা হয়েছিল। এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। সরকার শর্ত সাপেক্ষে অনেক রাজবন্দীকে মুক্তি দিয়েছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে পার্লামেন্ট করেছে। এসব বিষয় মিয়ানমারের অর্জন বলে স্বীকার করতেই হয়।
মার্কিন কর্মকর্তারা জানান, ওবামা মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের কাছে শিগগিরই বার্তা পাঠাবেন। মিয়ানমারকে মানবাধিকার পরিস্থিতির উন্নতি করতে হবে এবং সত্যিকারের গণতন্ত্রের পথে হাঁটতে হবে।