সঠিকভাবে জাতীয় সংগীত গাওয়ার দাবিতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জাতীয় সংগীত সঠিকভাবে গাওয়ার দাবিতে মুম্বাইয়ের একটি আদালতে মামলা করেছেন এক অধ্যাপক।শ্রীকান্ত মালুস্থ নামে ওই অধ্যাপক দাবি করেছেন, জাতীয় সংগীতে পাঞ্জাব-সিন্ধ-গুজরাট-মারাঠা থাকলেও ১৯৫০ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার ‘সিন্ধ’-এর স্থলে ‘সিন্ধু’ গাওয়ার অনুমতি দিয়েছিল। সেভাবেই জাতীয় সংগীতে সিন্ধু লেখা হয়। কিন্তু এখনো বিভিন্ন অনুষ্ঠানে সেই সিন্ধই গাওয়া হয়। তাই তিনি ‘সিন্ধ’-এর পরিবর্তে সিন্ধু গাওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে আদালতের কাছে দাবি জানান। অধ্যাপক মালুস্থ বলেন, ১৯৫০ সালেই সরকার এই পরিবর্তন মেনে নিয়েছিল। কিন্তু এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে সরকারের পক্ষ থেকে খুব সামান্য ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, অনেক সুপরিচিত কণ্ঠশিল্পীও ভুলভাবে জাতীয় সংগীত গাইছেন।১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারত স্বাধীন হওয়ার পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘জন গণ মন’ গানটি ভারতের জাতীয় সংগীত হিসেবে বেছে নেওয়া হয়।শ্রীকান্ত মালুস্থ বলেন, ১৯৫০ সালের ২৪ জানুয়ারি সাংবিধানিক পরিষদ যখন জাতীয় সংগীত নির্বাচন করে, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের গানে ব্যবহূত সিন্ধ শব্দের জায়গায় জাতীয় সংগীতে সিন্ধু শব্দ প্রতিস্থাপন করা হয়। তিনি বলেন, ভারত ভাগ এবং পাকিস্তানের জন্মের পর সিন্ধ প্রদেশ পাকিস্তানের অংশ হয়ে যাওয়ায় শব্দটি প্রতিস্থাপন করা হয়েছিল।অধ্যাপক মালুস্থ বলেন, জাতীয় সংগীত ভুলভাবে গাওয়া অব্যাহত রয়েছে। এমনকি প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানসহ বিভিন্ন সরকারি অনুষ্ঠানে ভুলভাবে জাতীয় সংগীত গাওয়া হচ্ছে।