ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বিষয়ে গতকাল বৃহস্পতিবার জেনেভায় দেশটির সঙ্গে প্রভাবশালী ছয় জাতির দুই দিনের আলোচনা শুরু হয়েছে। আশা করা হচ্ছে, এ আলোচনায় দীর্ঘদিন ধরে চলা সংকট নিরসনে দুই পক্ষের সমঝোতা হতে পারে। এ ব্যাপারে দুই পক্ষই সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে।
বৈঠক শুরুর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ বলেছেন, যদি সব পক্ষ তাদের সর্বোচ্চ চেষ্টা করে তাহলে এ বিষয়ে সমঝোতা সম্ভব।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী গতকাল এ-ও বলেন, বিশ্বশক্তির সঙ্গে শুরু হওয়া এ আলোচনা হবে ‘খুবই জটিল।’ দুই দিন আগে ফ্রান্স টোয়েন্টি ফোর টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করে জারিফ বলেছিলেন, ‘খুব শিগগিরই একটা চুক্তি হতে পারে। এমনকি এ সপ্তাহের মধ্যেই তা হতে পারে।’ তবে সতর্ক করে দিয়ে ইরানি মন্ত্রী আরও বলেন, ‘আমি কেবল আমাদের পক্ষের কথা বলছি, অন্য পক্ষের বিষয়ে জানি না।’
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির সঙ্গে কথা বলছে পি ফাইভ + ওয়ান হিসেবে। এর অর্থ হচ্ছে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং জার্মানি। গতকাল জেনেভায় বৈঠক শুরুর আগে ফেসবুকে এক লেখায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, ‘ছয় জাতির প্রতিনিধিদের সঙ্গে আমরা খুবই দুরূহ এক সমঝোতা শুরু করতে যাচ্ছি। আমরা বিস্তারিত পর্বে প্রবেশ করেছি। এ পর্ব বেশ কঠিন ও সূক্ষ্ম।’
বৈঠক শুরুর আগে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন অবরোধ শিথিল করার ব্যাপারে তেহরানকে প্রস্তাব দেবে। তবে তেহরানকে পারমাণবিক প্রকল্প বন্ধে ‘প্রথম পদক্ষেপ’ নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা চাচ্ছি প্রাথমিক পদক্ষেপ নিতে। এ পর্যায়ে ইরানকে পারমাণবিক প্রকল্প অব্যাহত রাখা বন্ধ করতে হবে। আমরা ইরানকে তাদের ওপর আরোপিত অবরোধ কিছুটা শিথিল করাসহ সুনির্দিষ্ট প্রস্তাব দেব।’
কঠিন অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের আশায় নতুন করে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সরকার। উদারপন্থী হিসেবে পরিচিত রুহানি গত আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকেই অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার উদ্দেশ্যে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েক দশক ধরে বন্ধ থাকা কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক কিছু তৎপরতা ইতিমধ্যে হয়েছে।
এক মাসেরও কম সময়ের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক শুরু হলো। আগের বৈঠকে ইরান দুই দফায় এক বছরের মধ্যে পারমাণবিক প্রকল্প নিয়ে বিরোধ নিষ্পত্তির প্রস্তাব দিয়েছিল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান বোমা তৈরির উদ্দেশ্যে পারমাণবিক প্রকল্প চালিয়ে যাচ্ছে। তবে তেহরান বরাবরই বলে আসছে, তাদের উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ।
ইরান এ পর্যন্ত পারমাণবিক বোমা তৈরির উপকরণ ইউরেনিয়াম ধাতু ২০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে। আর কয়েকটি ধাপ পেরোলেই পারমাণবিক বোমা বানাতে পারবে দেশটি। এএফপি।