মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি তাঁর দেশের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সীমিত সময়ের জন্য স্থগিতের সিদ্ধান্তের বিরোধী নন, তবে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। নাটকীয়ভাবে সংস্কারপ্রক্রিয়া শুরু হওয়া সত্ত্বেও মিয়ানমার আবার উল্টোপথে যাত্রা শুরু করতে পারে।ইন্টারনেট যোগাযোগমাধ্যম স্কাইপের মাধ্যমে গত মঙ্গলবার সু চি এসব কথা বলেন। তিনি বলেন, ‘মিয়ানমারের ভবিষ্যৎ নিয়ে জনগণ খুব আশাবাদী। প্রায়ই আমি এটা অনুভব করি। তবে মনে রাখতে হবে, গণতন্ত্রায়নের এই প্রক্রিয়া অপরিবর্তনীয় নয়। দেশে এখনো ২৭১ জন রাজবন্দী রয়েছেন। মিয়ানমারে প্রকৃত গণতন্ত্রায়ন চাইলে কোনো রাজবন্দী থাকা উচিত নয়।’ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে স্কাইপের মাধ্যমে অংশ নেন সু চি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং রিপাবলিকান পার্টির সিনেটর জন ম্যাককেইনও ওই অনুষ্ঠানে অংশ নেন। মিয়ানমারের ওপর আরোপিত বিভিন্ন অবরোধ সীমিত সময়ের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র।পার্লামেন্টের নির্বাচিত সদস্য হিসেবে সু চি ২ মে শপথ নেন। এএফপি।