সত্য বলার অধিকারে জোর দিয়ে চীনা পত্রিকার নিবন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে গণমাধ্যমের ওপর সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে সোচ্চার একটি সংবাদপত্র তার নববর্ষের বার্তায় ‘সত্য প্রকাশের’ অধিকার রক্ষায় জোর দিয়ে নিবন্ধ প্রকাশ করেছে।
সাউদার্ন উইকলি নামের সংবাদপত্র গতকাল বৃহস্পতিবার নিবন্ধটি ছেপেছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রশংসা করে একটি পত্রিকার সংবাদভাষ্যের পাশাপাশি জনগণের অধিকার আরও ভালোভাবে রক্ষার আহ্বান জানিয়ে সাউদার্ন উইকলির এ নিবন্ধ দেশটিতে বিতর্ক উসকে দিয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরল প্রতিবাদ জানানোর পর দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝু শহরে মধ্যপন্থী এ পত্রিকার কার্যালয়ের বাইরে বিক্ষোভ হয়েছে।
সাউদার্ন উইকলির প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তিতে ছাপানো নববর্ষের ওই বার্তায় সত্য প্রকাশের লড়াইয়ে নিজস্ব মূল্যবোধকেই গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
নিবন্ধে বলা হয়, ‘সত্যের অন্বেষণে ছোট একটি পত্রিকা হিসেবে কখনো কখনো আমরা শক্তিশালী, কখনো বা শক্তিহীন। কিন্তু আমাদের বিকল্প বেছে নেওয়ারও সুযোগ নেই...তবে আমরা শিল্পসম্মত পন্থায়, পেশাগতভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে সত্য প্রকাশ করতে পারি।’ এএফপি।