সত্যান্বেষী বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজামউদ্দীন আহমেদ
নিজামউদ্দীন আহমেদ

১৯৭১ সালের ১২ ডিসেম্বর। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিজয়ের ঠিক আগে আগে এক দুপুরবেলা। পাকিস্তানিদের এ দেশীয় দোসর বাহিনী আলবদর সাংবাদিক নিজামউদ্দীন আহমেদকে খাবারের টেবিল থেকে তুলে নিয়ে যায়। বাংলাদেশের স্বাধীনতা লাভের ৪২ বছর হতে চলল। কিন্তু আজ পর্যন্ত নিজামউদ্দীন

লেখকের ছোটবেলার ছবি
লেখকের ছোটবেলার ছবি

আহমেদের কোনো খবর পাওয়া যায়নি।
আমার বাবা শহীদ সাংবাদিক নিজামউদ্দীন আহমেদের জন্ম ১৯২৯ সালের সেপ্টেম্বর মাসে, মুন্সিগঞ্জ জেলার একটি ছোট্ট গ্রাম মাওয়ায়। ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে সাংবাদিকতা পেশায় যোগ দেন। সাংবাদিক নিজামউদ্দীন আহমেদ সাবেক পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনালের ঢাকাস্থ ব্যুরো জেনারেল ম্যানেজার, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), বিবিসি-সহ বিভিন্ন বিদেশি সংবাদ সংস্থার এ দেশীয় প্রতিনিধি ছিলেন। ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে তিনি এ দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলতেন। ১৯৭০ সালে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সাফল্যগাথা উঠে এসেছিল তাঁর প্রতিবেদনে।
বাবা ছেলেবেলা থেকেই ছিলেন সত্যান্বেষী। সাংবাদিকতা পেশায় তাঁর চারিত্রিক গুণাবলির প্রভাব লক্ষ্যণীয়। মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ তিনি বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমে পাঠাতেন। এ কারণে পাকিস্তানি সেনাবাহিনী ও বাংলাদেশের স্বাধীনতাবিরোধী গোষ্ঠী আক্রমণের লক্ষ্য হয়।
মুক্তিযুদ্ধের নয় মাস গোটা জাতির দেশের সংবাদ জানার অন্যতম মাধ্যম ছিল বিবিসি রেডিও। তাঁর পাঠানো সংবাদ পাকিস্তান শাসকগোষ্ঠীকে বিব্রত ও ক্ষুব্ধ করত। জেনারেল রাও ফরমান আলী আর সংবাদ না পাঠানোর জন্য দুই দফা শাসিয়েছিলেন বাবাকে। তাঁর দেশপ্রেম ছিল প্রচণ্ড, তাই পাকিস্তানি শাসকদের এই দুঃশাসন তাঁকে টলাতে পারেনি কখনো।

লন্ডনে নিজামউদ্দীন আহমেদ
লন্ডনে নিজামউদ্দীন আহমেদ


১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সংবাদ সংগ্রহ করতে নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিক ম্যাক ব্রাউন ঢাকায় আসেন। নিজামউদ্দীন আহমেদ ম্যাক ব্রাউনকে যুদ্ধের বিভিন্ন স্থান ও গেরিলা ক্যাম্প পরিদর্শন করতে নিয়ে যান এবং বিভিন্ন তথ্য দিয়ে সংবাদ সংগ্রহে সাহায্য করেন। এই সংবাদ পাকিস্তানিদের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে সারা বিশ্বে ব্যাপক আলোড়ন তোলে।
কঠোর সেন্সরশিপের মধ্যেও তিনি পিপিআইতে কর্মরত অবস্থায় অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এসব সংবাদ বিশ্বের গণমাধ্যমে প্রকাশ করতেন। এ সময় তিনি বিদেশি সংবাদমাধ্যম ও বিবিসি বাংলাদেশের শ্রোতাদের কাছে অত্যন্ত আস্থাভাজন ও জনপ্রিয় সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেন।
বাংলাদেশ স্বাধীনতা লাভের ঠিক আগ মুহূর্তে পরাজিত শক্তির দোসররা প্রতিহিংসা ও বাঙালি জাতিকে মেধাশূন্য করার এক পরিকল্পনায় নামে। এই পরিকল্পনায় দেশপ্রেমিক ও সোচ্চার মেধাবী বুদ্ধিজীবী, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করার তালিকা করে। এই তালিকার অংশ হিসেবে আমার বাবা সাংবাদিক নিজামউদ্দীন আহমেদকে অপহরণ করা হয়।
শাফকাত নিজাম: শহীদ নিজামউদ্দীন আহমেদের ছেলে