সত্যিকারের জাতিসংঘের জন্য একসঙ্গে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, ‘সত্যিকারের জাতিসংঘ পেতে চাইলে, ভবিষ্যতে আমাদের সবাইকে একসঙ্গে কঠোর পরিশ্রম করতে হবে।’ গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ৫০ বছরের বেশি সময় পর জাতিসংঘে বক্তব্য দেন রানি।৮৯ বছর বয়সী রানি এলিজাবেথ বলেন, জাতিসংঘ বিশ্বের জনগোষ্ঠীর নিরাপত্তা, স্বকীয়তা ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বিশ্ব সংস্থা হিসেবে প্রেরণাদায়ক প্রতিষ্ঠান থেকে জাতিসংঘ এখন সাধারণ কল্যাণের জন্য কাজ করছে।সন্ত্রাসবাদ ও জলবায়ু সমস্যার কথা উল্লেখ করে রানি বলেন, শান্তি অন্বেষণে নেতৃত্বের পরীক্ষা সব সময়ই কঠিন। তিনি বলেন, ১৯৫৭ সালে প্রথমবার জাতিসংঘে তাঁর ভাষণ দেওয়ার পর সংস্থার কার্যক্রমে অনেক পরিবর্তন হয়েছে। কার্যক্রমের পরিধিও অনেক বেড়েছে।এর আগে রানিকে জাতিসংঘে স্বাগত জানান সংস্থার মহাসচিব বান কি মুন। তিনি বলেন, ‘ব্রিটেনের বর্তমান রানি আমাদের প্রজন্মের একজন অনন্য ব্যক্তিত্ব। চলমান সভ্যতার নানা সংকট ও পরিবর্তনে তিনি নেতৃত্বের প্রতীক হিসেবে নিজেকে প্রকাশ করেছেন।’জাতিসংঘ সদর দপ্তরে বক্তব্য দেওয়ার পর রানি এলিজাবেথ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ধসে পড়া বিশ্ব বাণিজ্য কেন্দ্র এলাকা ‘গ্রাউন্ড জিরো’ পরিদর্শন করেন। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে সেখানে তিনি ফুল দেন। এরপর তিনি গ্রাউন্ড জিরো-সংলগ্ন হ্যানোভার স্কয়ার এলাকা পরিদর্শনে যান। ১১ সেপ্টেম্বরের ঘটনায় নিহত ব্রিটিশ নাগরিকদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মঙ্গলবার সন্ধ্যায়ই তিনি নিউইয়র্ক থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন।