সন্তানের জন্য মায়ের জীবন বাজি

নিকোলা কক্স পেশায় ছিলেন ব্যবসায়ী। ব্রিটিশ এই নারীর স্বপ্ন ছিল, মা হবেন। সন্তানকে নিয়ে নতুন পৃথিবী গড়বেন। সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় মরণব্যাধি ক্যানসার। কিন্তু মাতৃত্বের তীব্র আকাঙ্ক্ষার সামনে কি কোনো বাধা মানে! নিকোলাও কোনো বাধা মানেননি। প্রজননক্ষমতা হারানোর আশঙ্কায় বিরত থাকেন কেমোথেরাপি নেওয়া ও অস্থিমজ্জা প্রতিস্থাপনের। জীবন বাজি রেখে জন্ম দেন সুস্থ, ফুটফুটে এক কন্যাসন্তানের। নিকোলার জীবনের গল্পের পরে অংশটা বেদনার।
ক্যানসার তুড়ি মেরে মা হওয়ার স্বপ্ন পূরণ করলেও সেই ক্যানসার বাঁচতে দেয়নি ৩৫ বছর বয়সী নিকোলাকে। সন্তান জন্ম দেওয়ার আট মাস পরই পৃথিবীর মায়া ছাড়তে হয় তাঁকে। মর্মস্পর্শী এ খবরটি আজ মঙ্গলবার প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’।
প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালে নিকোলা জানতে পারেন, তিনি অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত। দ্রুতই রেডিওথেরাপি নেন তিনি। এরপর কেমোথেরাপি নেওয়া ও অস্থিমজ্জা প্রতিস্থাপনের কথা থাকলেও তখন তাতে সায় দেননি তিনি। তাঁর আশঙ্কা ছিল, এতে তাঁর প্রজননক্ষমতা নষ্ট হয়ে যাবে। নিকোলা সিদ্ধান্ত নেন, একটা সন্তান নেওয়ার পর কেমোথেরাপি ও অস্থিমজ্জা প্রতিস্থাপন করবেন তিনি।
২০১১ সালের শেষের দিকে নিকোলা বুঝতে পারেন, তাঁর গর্ভে সন্তান এসেছে। ২০১২ সালের জুনে পৃথিবী আলো করে তাঁর কোলে আসে মেয়ে হ্যারিয়েট। গর্ভকালীন সুস্থ থাকার জন্য প্রাকৃতিক কিছু চিকিত্সা নেন নিকোলা। সন্তান জন্মের পরও আবারও নিজের শরীরের দিকে নজর দেন তিনি। ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে।
চিকিত্সকেরা জানান, তাঁর শরীরে বাসা বাঁধা ক্যানসার ভয়াবহ আকার ধারণ করেছে। এ পর্যায়ে এসে কেমোথেরাপি নেন নিকোলা। কিন্তু তাতে রক্ষা হয়নি। গত বছরের ফেব্রুয়ারিতে মারা যান তিনি। মেয়ে হ্যারিয়েটের বয়স তখন মাত্র আট মাস।
নিকোলার স্বামী পেশায় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। হ্যারিয়েটকে মায়ের অভাব পূরণের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন তিনি। কিন্তু যে মা সন্তানের মুখ দেখার আশায় নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারেন, তাঁর অভাব তো অপূরণীয়।
নিকোলা আজ পৃথিবীতে নেই, আবার আছেনও। তিনি বেঁচে আছেন মেয়ে হ্যারিয়েটের মাঝে। মরণব্যাধি ক্যানসারের কাছে তিনি শেষ পর্যন্ত হেরে গেছেন সত্যি, তবে জয় হয়েছে মাতৃত্বের।