সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সন্ত্রাসবাদ দমন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতাসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। গত ছয় মাসের মধ্যে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে এটি উচ্চপর্যায়ের তৃতীয় বৈঠক। তবে ২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ হামলার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এটাই প্রথম।ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের পক্ষ থেকে নয়াদিল্লি সফরের জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে ভারত পারস্পারিক আস্থা বাড়ানোর লক্ষ্যে দুই দেশের ভিসা-প্রক্রিয়া সহজ করা, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো, বাণিজ্য, আন্তসীমান্ত ট্রেন ও বাস চলাচল ও বন্দিবিনিময়ের বিষয় তুলে ধরে। পাকিস্তানের পক্ষ থেকে কাশ্মীর সমস্যা ও পানিবণ্টনের বিষয় তুলে ধরা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বুধবার তিন দিনের সফরে পাকিস্তানে পৌঁছান। মুম্বাই হামলার পর কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম পাকিস্তান সফর। জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণার এই সফরের প্রাক্কালে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিএস) একটি বৈঠক করে এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে আলোচনা করে। এতে কৃষ্ণা ছাড়াও ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি উপস্থিত ছিলেন। এএফপি।