সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের ধাঁচে ভারতে একটি নতুন নিরাপত্তা সংস্থা গড়ছে কেন্দ্রীয় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালাতে এবার ভারত সরকার যুক্তরাষ্ট্রের ধাঁচে একটি নতুন নিরাপত্তা সংস্থা গঠন করার উদ্যোগ নিয়েছে। এই সংস্থার নাম দেওয়া হয়েছে ‘ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার’ বা এনসিটিসি। চলতি বছরেই এই সংস্থা গড়া হবে বলে ইঙ্গিত দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।দিল্লির সূত্র থেকে জানা গেছে, কেন্দ্রীয় সরকার চাইছে এই এনসিটিসির আওতায় দেশের সব নিরাপত্তা সংস্থাকে আনতে। সম্প্রতি নয়াদিল্লিতে ইন্টেলিজেন্স ব্যুরোর এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই বিশেষ সংস্থা গঠনের ইঙ্গিত দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম।মুম্বাইয়ের ২৬/১১ ঘটনার পর কেন্দ্রীয় সরকার এই বিশেষ ধরনের একটি নিরাপত্তা সংস্থা গঠনের উদ্যোগ নেয়। এই নতুন সংস্থার প্রধান নিয়োগ হতে পারেন সেনাবাহিনী বা ভারতীয় পুলিশ বাহিনী থেকে।দিল্লির সূত্রমতে, ৯/১১ ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৩৬ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র গড়েছিল একটি এলিট ফোর্স। আর সে লক্ষ্যেই ভারতের ২৬/১১ ঘটনার পর যুক্তরাষ্ট্রের ধাঁচেই এনসিটিসি গড়ার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। আর নতুন এই সংস্থার আওতায় নিয়ে আসা হতে পারে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মতো সংস্থাকে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্র আরও বলেছে, এই নতুন সংস্থায় প্রতিরক্ষা মন্ত্রক ও অর্থ মন্ত্রকের প্রতিনিধিও রাখা হবে। এনসিটিসিতে ভারতের অপরাধ-সংক্রান্ত দুটি সংস্থা ন্যাটগ্রিড এবং সিসিটিএনএসকেও আনা হবে।