সন্ত্রাসবাদ নির্মূলে সর্বদলীয় সম্মেলনে নওয়াজ
সন্ত্রাসকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার থেকে বিরত থাকুন

সন্ত্রাসবাদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার থেকে বিরত থাকতে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সন্ত্রাস দমনসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মতৈক্য প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত সর্বদলীয় সম্মেলনে (এপিসি) নওয়াজ শরিফ বলেন, সন্ত্রাসবাদ, অর্থনীতি ও জ্বালানিসংকটের মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজনীতি বন্ধ করে সরকারকে সহযোগিতার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এসব সমস্যা মোকাবিলায় মতৈক্য প্রয়োজন।
এপিসিতে সভাপতিত্ব করেন নওয়াজ শরিফ। বক্তব্যের শুরুতে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মেলনে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। সন্ত্রাস দমনের কৌশল ও করাচি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে এপিসিতে আলোচনা হয়।
নওয়াজ শরিফ বলেন, ‘কয়েকটি বিষয়ে আমাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে জাতীয় ঐকমত্য গঠন করতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে হাজার হাজার নিরপরাধ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। তা ছাড়া সন্ত্রাসবাদের কারণে অর্থনীতি সংকটে পড়েছে। ব্যবসায়ীরা এখন এ দেশে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছে। সংকট নিরসনে এখন আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিলেই গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা বাড়বে।’
নিরাপত্তা বিষয়ে সব প্রদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে নওয়াজ শরিফ উল্লেখ করেন। এরপর দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্মেলনে সংক্ষেপে তুলে ধরেন সামরিক গোয়েন্দা সংস্থার (আইএসআই) মহাপরিচালক লে. জেনারেল জহিরুল ইসলাম এবং সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি। এপিসিতে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান, অর্থমন্ত্রী ইশাক দার, চার প্রদেশের সব মুখ্যমন্ত্রী ও গভর্নর এবং রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানসহ দেশটির মূলধারার রাজনৈতিক দলগুলোর নেতারা।
সম্মেলন শুরুর আগে কায়ানি ও নওয়াজ শরিফের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেন ইমরান খান। ডন।