সন্ত্রাসবাদ দমনে কাজ করে যাওয়ার অঙ্গীকার কায়ানির
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি সন্ত্রাসবাদ দমনে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে ইসলামাবাদ ‘যথেষ্ট কাজ করছে না’—যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ নাকচ করে দিয়ে গতকাল বৃহস্পতিবার সেনাপ্রধান কায়ানি ওই অঙ্গীকার করেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের জঙ্গি-সম্পৃক্ততা রয়েছে—মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেনের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে কায়ানি সন্ত্রাসবাদ দমনে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন। মাইক মুলেন গত বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মুলেন বলেন, ‘আইএসআইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের সম্পর্ক রয়েছে। গোষ্ঠিটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হত্যার উদ্দেশ্যে জঙ্গিদের প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে।’ সম্প্রতি হোয়াইট হাউসের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান অভ্যন্তরীণ জঙ্গিবাদ ঠেকানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশটির সেই জঙ্গিবাদ ঠেকানোর ‘সুস্পষ্ট কোনো পথ’ নেই। জঙ্গিবাদ দমনে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য জীবন দিয়েছেন। তা সত্ত্বেও জঙ্গিবাদবিরোধী যুদ্ধে দেশটি খুবই কম উন্নতি করেছে। এএফপি।