সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের কঠোর ভূমিকা চাইবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের দমনে পাকিস্তানের প্রতি জোরালো ভূমিকা গ্রহণের আহ্বান জানাতে পারে ভারত। দেশটি বলেছে, নয়াদিল্লি চায় পাকিস্তান সরকার কঠোর অবস্থান গ্রহণ করে সন্ত্রাসীদের নির্মূল করুক। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ শনিবার দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা সার্কের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে। এই বৈঠকের বাইরে ভারত ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে সন্ত্রাসবাদ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য পাকিস্তানকে ভারতের পক্ষ থেকে আহ্বান জানানো হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম গতকাল শুক্রবার পাকিস্তান রওয়ানা হন। ইসলামাবাদে পৌঁছে গতকাল রাতেই সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। দ্বিপক্ষীয় এ বৈঠকে চিদাম্বরমের মুম্বাই হামলার ঘটনায় সন্দেহভাজন পরিকল্পনাকারী হাফিজ সাইদের বিরুদ্ধে তদন্ত পরিচালনার আহ্বান জানানোর কথা রয়েছে। এ ছাড়া তিনি এ হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গিদের কণ্ঠস্বরের নমুনা চাইতে পারেন।পাকিস্তানের ভূখণ্ড থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্রের মূলোৎপাটনের বিষয়েও আলোচনা করার কথা রয়েছে চিদাম্বরামের। মুম্বাই হামলার ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে পরিচালনাধীন তদন্ত এবং জঙ্গিদের বিচার সম্পর্কেও তিনি জানতে চাইতে পারেন। মুম্বাই হামলার সঙ্গে সম্পৃক্ততার পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না থাকায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত ২৫ মে হাফিজ সাইদকে মুক্তি দেন। আদালতের এ সিদ্ধান্তে চরম হতাশা প্রকাশ করে ভারত। নয়াদিল্লি বলেছে, পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ সরবরাহের পরও সাইদকে মুক্তি দেওয়া হয়েছে। মুম্বাই হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন লস্কর-ই-তাইয়েবার কথিত প্রধান হাফিজ সাইদ ও অন্য পাকিস্তানি জঙ্গিদের ওই ঘটনায় সম্পৃক্ত থাকার ব্যাপারে বিভিন্ন ‘তথ্যপ্রমাণ’ পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে ভারত। এদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, আলোচনা শুরুর আগে শুভেচ্ছার নিদর্শন হিসেবে পাকিস্তানের চার বন্দীকে মুক্তি দেওয়া হবে। তাদের ৩০ জুন সীমান্ত দিয়ে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। গুপ্তচরবৃত্তির অভিযোগে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। টাইমস অব ইন্ডিয়া ও এএফপি।