ভারত ও সৌদি আরব যৌথভাবে সন্ত্রাসবাদ দমনে ও অর্থ পাচার রোধে কাজ করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। এই লক্ষ্যে দেশ দুটি বন্দী প্রত্যর্পণ চুক্তিসহ অর্থনীতি, নিরাপত্তা, জ্বালানি ও প্রতিরক্ষাবিষয়ক বেশ কয়েকটি সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে সে দেশের বাদশাহ আবদুল্লাহ ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গত রোববার রিয়াদ ঘোষণায় স্বাক্ষর করেন। ছয় পৃষ্ঠার ওই ঘোষণাপত্রে উভয় দেশ রাজনৈতিক ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার অঙ্গীকার করে।ভারতীয় কর্মকর্তারা জানান, ২০০৬ সালের দুই দেশের স্বাক্ষরিত দিল্লি ঘোষণার আলোকে উভয় দেশের জ্বালানিনীতিকে আরও সহযোগিতামূলক ও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে রিয়াদ ঘোষণায় মনমোহন ও আবদুল্লাহ স্বাক্ষর করেন।গত শুক্রবার প্রধানমন্ত্রী মনমোহন সিং রিয়াদ পৌঁছানোর পর সৌদি আরবের মন্ত্রিসভার সব সদস্যকে নিয়ে বাদশাহ আবদুল্লাহ তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। এরপর আল রওজা প্রাসাদে তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়।রোববার রিয়াদ ঘোষণার সময় এই দুই নেতা আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি, জ্বালানি, প্রযুক্তি ও প্রতিরক্ষা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারতের পক্ষ থেকে তাঁদের ক্রমবর্ধমান জ্বালানি তেলের চাহিদা সম্পর্কে সৌদি আরবকে জানানো হয়। তাঁরা সৌদি আরবকে অপরিশোধিত তেল সরবরাহ বাড়ানোর আবেদন জানান। একই সঙ্গে ভারতের তেল শোধনাগার খাতে সৌদি আরবকে বিনিয়োগ করারও আহ্বান জানানো হয়।রিয়াদ ঘোষণায় দুই দেশের পক্ষ থেকে সন্ত্রাসবাদ, উগ্রপন্থা ও সহিংসতাকে বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে এসবের কঠোর নিন্দা জানানো হয়। উভয় পক্ষ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড, অর্থ ও মুদ্রা পাচার, মাদকদ্রব্য, অস্ত্র ও মানব পাচারবিষয়ক তথ্য আদান-প্রদানের ঘোষণা দেওয়া হয়।পারস্পরিক বন্দী প্রত্যর্পণ চুক্তিতে ভারতের পক্ষে সই করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী গোলাম নবী আজাদ এবং সৌদি আরবের পক্ষে সই করেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নাঈফ বিন আবদুল আজিজ।মনমোহন ও আবদুল্লাহর উপস্থিতিতে স্পেস ও উন্নয়ন প্রযুক্তি বিষয়ে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন ও কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে সহযোগিতা বাড়ানো এবং উভয় দেশের সাংস্কৃতিক সহযোগিতাবিষয়ক আরও চারটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়া একই দিন ভারতের টাটা মোটরস সৌদি আরবে স্কুলবাস সরবরাহ করতে আট কোটি ডলারের একটি চুক্তিতে সই করে।ভারতের প্রধানমন্ত্রী ও সৌদি বাদশাহ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়েও আলোচনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী শিগগিরই মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হবে। ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত বসতি স্থাপনা নির্মাণ শান্তি আলোচনার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে তাঁরা উভয়েই স্বীকার করেন। এ ছাড়া তাঁরা ইরানের পরমাণু কার্যক্রমবিষয়ক সংকট আলোচনার মাধ্যমে দূর করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন।আফগানিস্তান পরিস্থিতিও আলোচনায় গুরুত্ব পায়। দুই নেতা আফগানিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার বিষয়ে তাঁদের সমর্থনদানের কথা পুনর্ব্যক্ত করেন। সেখানকার পরিস্থিতি স্থিতিশীল করতে আফগান জনগণ যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার প্রতি তাঁদের সর্বাত্মক সমর্থন রয়েছে বলেও তাঁরা ঘোষণা দেন।