সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে সফলতার দাবি জারদারির
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, গণতন্ত্রে পাকিস্তান নতুন মাইলফলক অর্জন করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সফলতার দাবি করে তিনি বলেন, সরকারের কঠোর অবস্থানের কারণে জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়েছে। গতকাল শনিবার পার্লামেন্টের যৌথ অধিবেশনে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট জারদারি এসব কথা বলেন।এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে নতুন শর্তের বিষয়গুলো আগামী সপ্তাহে পার্লামেন্টে প্রকাশ করতে যাচ্ছে পাকিস্তান। গত নভেম্বরে আফগান সীমান্তে ন্যাটোর হামলায় পাকিস্তানের ২৪ জন সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্কে চরম অবনতি ঘটে। পাকিস্তান সে দেশ থেকে আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহের সব পথ বন্ধ করে দেয়।জারদারি পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে রেকর্ড পাঁচবার পার্লামেন্টের যৌথ অধিবেশনে বক্তৃতা করলেন। এ প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এটা পাকিস্তানের গণতন্ত্রে নতুন মাইলফলক সৃষ্টি করেছে।জারদারির বক্তৃতার সময় মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) সদস্যরা পার্লামেন্টে তুমুল হট্টগোল করেন। দলটি জারদারির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে হট্টগোল শুরু করে। এ সময় স্পিকার ফাহমিদা মির্জা সংশ্লিষ্ট সবাইকে পার্লামেন্টের পবিত্রতা রক্ষার আহ্বান জানান। এর কিছু সময় পর এমকিউএম পার্লামেন্ট থেকে ওয়াকআউট করে। প্রেসিডেন্ট তাঁর বক্তৃতায় অর্থনৈতিক উন্নয়নের বিস্তারিত তুলে ধরেন। ক্ষমতার দ্বন্দ্বের বিষয়েও কথা বলেন জারদারি। তিনি বলেন, জনগণের দুর্ভোগের বিষয়ে সরকারের সতর্কতা রয়েছে। সন্ত্রাসবাদ দমনে সরকার সফল হয়েছে বলেও দাবি করেন জারদারি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেখানে প্রয়োজন সেখানে আমরা শক্তি প্রয়োগ করছি। এটা নিশ্চিত করতে চাই যে আমাদের দেশ কোনো চ্যালেঞ্জের মুখে নেই। এ সমস্যা সমাধানে আমরা কাজ করে যাচ্ছি।’ জারদারি তাঁর বক্তব্যে স্বীকার করেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের ফলে দেশের সাধারণ মানুষসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিহত হচ্ছেন।পাকিস্তানে নতুন সংসদীয় বছর শুরু করার আগে এক দিনের যৌথ অধিবেশনে প্রেসিডেন্টের বক্তৃতা করার বাধ্যবাধকতা আছে। সেই বাধ্যবাধকতা থেকে গতকাল এক দিনের যৌথ অধিবেশন ডাকা হয়। এরপর আগামী সপ্তাহে নতুন অধিবেশন ডাকা হবে। রয়টার্স, ডন অনলাইন।