সন্ত্রাসবাদে উসকানি দেওয়ায় পৌনে চার লাখ টুইটার অ্যাকাউন্ট বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানিমূলক বক্তব্য প্রচার করার অপরাধে ২০১৬ সালের শেষ ছয় মাসে প্রায় পৌনে চার লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার। এ বছরের প্রথম ছয় মাসের চেয়ে এ সংখ্যা ৬০ শতাংশ বেশি। এএফপির প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 

খবরে বলা হয়েছে, ২০১৬ সালের শেষ ছয় মাসে সন্ত্রাসী কার্যক্রমে ইন্ধন সৃষ্টিকারী ৩ লাখ ৭৬ হাজার ৮৯০টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার টুইটারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে ২০১৫ সালের আগস্ট থেকে এ পর্যন্ত সন্ত্রাসবাদ প্রচারের অভিযোগে টুইটারের মোট অ্যাকাউন্ট বন্ধের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৩৬ হাজার ২৪৮টি। টুইটার কর্তৃপক্ষের ভাষ্য, বিশ্বব্যাপী চরমপন্থার বিরুদ্ধে তাদের কার্যক্রমের অংশ হিসেবেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারের তরফ থেকে চাপ আসার পরই টুইটার এ উদ্যোগ গ্রহণ করে। অভিযোগ ছিল, সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে অনেক সময় সন্ত্রাসীরা তাদের পক্ষে মতামত প্রচার ও সংগঠনের সদস্য সংগ্রহ করে।

টুইটার কর্তৃপক্ষ জানায়, তারা আগের ছয় মাসের তুলনায় বিভিন্ন সরকারের কাছে থেকে ব্যবহারকারী-সংক্রান্ত তথ্য চাওয়ার হার ৭ শতাংশ বেড়ে যায়। এর ফলে প্রভাব পড়েছে ১৩ শতাংশ অ্যাকাউন্টের ওপর। সরকার ও অন্যদের কাছ থেকে টুইটের বিষয় মুছে ফেলার অনুরোধ এ সময় বেড়ে দাঁড়ায় ১৩ শতাংশে। তবে এর ফলে প্রভাবিত হয় ৩৭ শতাংশ অ্যাকাউন্ট।

টুইটার ঘোষণা করে, এফবিআইয়ের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তার স্বার্থে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অনুরোধ আসে। আর তাদের অনুরোধের বিষয় প্রকাশ করতেও তাদের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। আর এর ফলে টুইটার এফবিআইয়ের অনুরোধে প্রভাবিত অ্যাকাউন্টগুলোকে এ অনুরোধ সম্পর্কে জানিয়ে দেয়। এক বিবৃতিতে টুইটার জানায়, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা স্বচ্ছতা বজায় রেখে কীভাবে কাজ করতে পারি, সেটি বিবেচনা করছি। আমরা ভবিষ্যতে স্বচ্ছতা বজায় রাখতে প্রতিবেদন আরও হালনাগাদ করব।’