ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জোরালো ভূমিকা রাখতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির প্রতি আহ্বান জানিয়েছেন। গত সোমবার প্যারিসে জারদারির সঙ্গে এক বৈঠকে সারকোজি এই আহ্বান জানান। ফ্রান্স ও ব্রিটেনে পাঁচ দিনের সফরে প্যারিসে অবস্থান করছেন জারদারি। সম্প্রতি উইকিলিকস নামের একটি সংস্থার ওয়েবসাইটে মার্কিন সামরিক বাহিনীর ৯২ হাজারেরও বেশি গোপন তথ্যের নথি ফাঁস করা হয়। এতে আফগানিস্তানে তালেবানবিরোধী লড়াইয়ে ইসলামাবাদের সমর্থনের বিশ্বাসযোগ্যতার ব্যাপারে পশ্চিমাদের উদ্বেগ বেড়ে গেছে। পাকিস্তান সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গত বুধবার ভারতের বেঙ্গালুরু সফর করার সময় বলেন, পাকিস্তানকে তার ভূখণ্ড থেকে ভারত, আফগানিস্তান বা অন্য যেকোনো দেশে ‘জঙ্গি রপ্তানি’ করতে দেওয়া হবে না।এসব সত্ত্বেও ফরাসি কর্মকর্তারা ও প্রেসিডেন্ট সারকোজি জারদারির সঙ্গে আপসমূলক আলোচনায় অংশ নেন। তাঁদের বৈঠকে উইকিলিকসের নথি ফাঁস কিংবা ক্যামেরনের মন্তব্য কোনো প্রভাব ফেলতে পারেনি। ‘আফগান যুদ্ধের দিনপঞ্জি’ শিরোনামে উইকিলিকসের ওয়েবসাইটে বলা হয়, এসব নথিতে তালেবান জঙ্গিদের পাকিস্তান ও ইরানের পক্ষ থেকে সহায়তা করায় ন্যাটোর উদ্বেগ্নের বিষয়টি উঠে এসেছে। নথিতে ন্যাটো বাহিনীর হামলায় আফগানিস্তানে বেসামরিক মানুষ নিহত হওয়ার বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়। জারদারির সঙ্গে বৈঠকে সারকোজি বলেন, আফগানিস্তানে সাফল্য পেতে পাকিস্তানের সহযোগিতা করা জরুরি। তালেবানের উৎখাত করতে ২০০১ সালে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত ৪৫ জন ফরাসি সৈন্য নিহত হয়েছেন। এদিকে ফ্রান্সে গত মাসে নারীদের নেকাব নিষিদ্ধ করে একটি আইন পাস করার প্রতিবাদে করাচিতে মুসলমানরা ব্যাপক বিক্ষোভ করেছে। এই ঘটনায় ফ্রান্সের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের অবনতি ঘটে। তবে এতকিছু সত্ত্বেও ফ্রান্স পাকিস্তানকে তাদের বিশ্বস্ত অংশীদার হিসেবেই বিবেচনা করছে বলে সাংবাদিকদের জানান আসিফ আলী জারদারি। এলিসি প্রাসাদে সারকোজির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জারদারি বলেন, সারকোজি এ বছরের শেষ দিকে পাকিস্তান সফরে আসতে সম্মত হয়েছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাউচনারের সঙ্গে এক বৈঠক করার পর আগামীকাল বৃহস্পতিবার ব্রিটেন যাবেন পাকিস্তানের প্রেসিডেন্ট।আফগান যুদ্ধে জোট বাহিনী হেরে যাচ্ছে: পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন যৌথ বাহিনী তালেবানদের কাছে হেরে যাচ্ছে। গতকাল মঙ্গলবার ফ্রান্সে ফরাসি ভাষায় প্রকাশিত সে দেশের লা মঁদ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।ক্যামেরন দুঃখ প্রকাশ করবেন না: এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, তিনি ভারত সফরে গিয়ে পাকিস্তান সম্পর্কে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন না। গতকাল মঙ্গলবার বিবিসি রেডিওকে ক্যামেরন বলেন, ‘আমি সমস্যা সম্পর্কে খোলামেলা আলোচনা করেছি। পাকিস্তানে অনেক সন্ত্রাসী সংগঠন আছে, যারা বিশ্বের নিরীহ মানুষের জন্য হুমকি।’ এএফপি, রয়টার্স।