সন্ত্রাসবিরোধী কঠোর আইন করবে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ দমনে কঠোর আইন করবে অস্ট্রেলিয়া। এ বিষয়ে নতুন একটি আইন আগামী সপ্তাহেই পার্লামেন্টে তোলা হবে। খবর এএফপির।
নতুন আইনে সরকার ব্যাপক ক্ষমতা চাইবে। প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেন, প্রচলিত আইন ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে লড়াই চালানোর জন্য যথেষ্ট নয়। তিনি আইএসকে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ বলে অভিহিত করেন।
অস্ট্রেলিয়ার পুলিশ বলেছে, গত বৃহস্পতিবার তারা সিডনি ও ব্রিসবেনে নজিরবিহীন অভিযান চালিয়ে (আইএস) জঙ্গিদের সম্ভাব্য হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে। অস্ট্রেলিয়ার ইতিহাসেই সবচেয়ে বড় সন্ত্রাসবিরোধী ওই অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
নতুন আইনে কেউ ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসবাদী কার্যক্রমে প্রণোদনা ও উৎসাহ দিলে সর্বোচ্চ পাঁচ বছর জেল হতে পারে। এই আইনের বলে পুলিশ সন্দেহভাজনদের ঘরবাড়িতে গোপনে অভিযান চালাতে পারবে।
নতুন আইনের আর বিস্তারিত না জানালেও প্রধানমন্ত্রী অ্যাবট বলেন, ‘কেউ দেশের বাইরে সন্ত্রাসী কাজে জড়িত থাকলে তার সম্পৃক্ততা প্রমাণ করা সব সময় সহজ হয় না। প্রত্যক্ষদর্শী খুঁজে পাওয়া কঠিন হয়। তাই আমাদের অপরাধের সীমাও বাড়াতে হবে।’