সন্ত্রাসবিরোধী আইন কঠোর করল কানাডা
কানাডার পার্লামেন্ট গত বুধবার সন্ত্রাসবিরোধী আইন আরও কঠোর করার লক্ষ্যে আইনের নতুন কয়েকটি ধারা অনুমোদন করেছে। যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে হামলা এবং কানাডার টরন্টোর কাছে ট্রেনে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করার পর এ পদক্ষেপ নেওয়া হলো।বিলটি এর আগে কানাডার সিনেটের অনুমোদন পায়। আর হাউস অব কমন্সে গতকাল বিলটির পক্ষে পড়ে ১৮৩ ভোট এবং বিপক্ষে পড়ে ৯৩ ভোট।নতুন আইনে ২০০১ সালের সন্ত্রাসবিরোধী আইনের ধারাগুলো পুনর্বহাল করা হয়েছে। ওই আইনের মেয়াদ ২০০৭ সালে শেষ হয়। ফলে সন্দেহভাজন ব্যক্তিদের সংশোধনী কারাগারে বা নজরদারিতে রাখতে পারবে কর্তৃপক্ষ। এ ছাড়া একজন বিচারক কোনো প্রত্যক্ষদর্শীকে, তাঁর কাছে অতীত বা ভবিষ্যতের কোনো সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের তথ্য আছে কি না, সে বিষয়ে সাক্ষ্য দিতে বাধ্য করতে পারবেন। এ ছাড়া কেউ যদি কানাডার বাইরের কোনো দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেওয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করে বা ত্যাগ করতে উদ্যত হয়, এ আইনের আওতায় তাকে ১০ থেকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।কানাডার কনজারভেটিভ সরকার কিছুদিন ধরে ২০০১ সালের সন্ত্রাসবিরোধী আইনটি পুনর্বহাল করার চেষ্টা করছিল। সম্প্রতি বোস্টন ম্যারাথনে সন্ত্রাসী হামলায় তিনজন নিহত ও ২৬৪ জন আহত হওয়ার ঘটনা এবং কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলাচলকারী একটি ট্রেনে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ফাঁসের পর গত সপ্তাহে বিষয়টি আবার পার্লামেন্টে উত্থাপনের প্রক্রিয়া শুরু হয়। এএফপি।