কানাডার রাজধানী অটোয়ায় পার্লামেন্ট ভবনে গত বুধবার বন্দুকধারীর হামলা চালানোর ঘটনায় ভীতসন্ত্রস্ত নয় দেশটি। প্রধানমন্ত্রী স্টিফেন হারপার জোর দিয়ে বলেন, তাঁর দেশ সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে না। তিনি হামলাকারীকে একজন ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে কানাডার সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা দ্বিগুণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ওই ঘটনায় এক সেনাসদস্য ও হামলাকারী নিহত হন। খবর বিবিসি ও এএফপির।
পার্লামেন্টে হামলার আগে গত সোমবার কুইবেক শহরে দুই সেনাসদস্যকে গাড়িচাপা দিয়ে পালানোর সময় মার্টিন রোলিউ কোটার নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছিল পুলিশ। গাড়িচাপায় এক সেনাসদস্য নিহত ও অন্যজন সামান্য আহত হন। রোলিউ ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছিলেন বলে বলা হচ্ছে। পরপর এ রকম ঘটনায় কানাডার অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
পার্লামেন্ট ভবনে হামলার সময় পুলিশের গুলিতে নিহত বন্দুকধারীর পরিচয়ও গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়। এই ব্যক্তি হলেন মাইকেল জেহাফ-বিবু। ভবনটিতে প্রবেশের আগে তিনি কাছেই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এক সেনাসদস্যের ওপর গুলি চালান।
সোমবারের হামলার ঘটনাটি সিরিয়া ও ইরাকে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) তৎপরতায় অনুপ্রাণিত হয়ে চালানো হয় বলে দাবি করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী হারপার। এ মাসের শুরুতে ইরাকে আইএসকে লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় অংশগ্রহণ-সংক্রান্ত এক পরিকল্পনা ঘোষণা করেছিল কানাডা। অবশ্য এ সপ্তাহের দুই হামলার কোনোটিই আইএস বা নতুন কোনো সন্ত্রাসী অভিযানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কি না, তা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।
বুধবার এক টেলিভিশন ভাষণে হারপার বলেন, কানাডাকে অপরাধীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। তবে কানাডা যে সন্ত্রাসী হামলা থেকে নিরাপদ নয়, তা এসব হামলা থেকে বোঝা গেছে বলে স্বীকার করেন তিনি।
এক দিন বন্ধ থাকার পর পার্লামেন্ট গতকাল শুরু হলে ভাষণ দেন স্টিফেন হারপার। এতে তিনি নিরাপত্তা বাহিনীর নজরদারি ও আটকের ক্ষমতা আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
পার্লামেন্টে গুলি চলাকালে প্রধানমন্ত্রী ভবনটির ভেতরে এমপিদের সঙ্গে বৈঠকরত থাকলেও নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।
কানাডার স্থানীয় সময় বুধবার সকালে সংঘটিত ওই হামলায় নাথান সিরিলো নামের এক সেনাসদস্য নিহত হওয়া ছাড়াও আহত হন তিনজন। সন্ধ্যা নাগাদ তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হামলার পর প্রাথমিক খবরে অন্তত তিন বন্দুকধারী পার্লামেন্টে হামলায় অংশ নেয় বলে বলা হয়েছিল। তবে গতকাল পুলিশ হামলাকারী একজন বলে নিশ্চিত করে।
ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে হামলার কয়েক মিনিট পর জেহাফ-বিবু (৩২) নামের ওই বন্দুকধারী পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে গুলিবর্ষণ শুরু করেন। পরে কেভিন ভিকার্স নামের ৫৮ বছর বয়সী একজন পুলিশ সার্জেন্ট তাঁকে গুলি করে হত্যা করেন।
পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর টরন্টো প্রতিনিধি সুব্রত নন্দী জানান, জেহাফ-বিবু মাদক চোরাচালান, ডাকাতি ও ভীতি প্রদর্শনের দায়ে একাধিকবার কারাভোগ করেছেন। সন্দেহভাজন জঙ্গি হিসেবে জব্দ করা হয়েছিল তাঁর পাসপোর্টও। সম্প্রতি শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাইকে কানাডার নাগরিকত্ব দেওয়ার জন্য বুধবার পার্লামেন্টে একটি বিল উত্থাপনের কথা ছিল। এ উদ্যোগের প্রতিবাদেই হয়তো জেহাফ ওই হামলা চালিয়েছেন। হামলার পর থেকে বন্ধ ছিল পার্লামেন্ট ভবন। তবে গতকাল আবার কার্যক্রম শুরু হয়।
সোমবার কুইবেকে সেনাসদস্যকে গাড়িচাপা দেওয়া এবং দুই দিন পর নির্বিঘ্নে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে পার্লামেন্ট ভবনে ঢুকে গুলি চালানোর ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে স্থানীয় গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এসব ঘটনার জন্য কানাডার দুর্বল অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।