সন্ত্রাসবিরোধী যুদ্ধকে অকার্যকর করে তুলছে ড্রোন হামলা: মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সে দেশে ড্রোন (মনুষ্যবিহীন বিমান) হামলা বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, এটা পাকিস্তানের সন্ত্রাসবিরোধী যুদ্ধকে অকার্যকর করে তুলছে।যুক্তরাষ্ট্রভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মালিক এ কথা বলেন।মালিক বলেন, আফগানিস্তানে সব ধরনের প্রস্তুতি সত্ত্বেও সেখানে পর্যাপ্ত সুবিধা করতে পারছে না যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, পাকিস্তানের যেকোনো অঞ্চলে জঙ্গিবাদ মোকাবিলায় সামরিক অভিযান চালানো কোনো সমাধান হতে পারে না। মালিক বলেন, ড্রোন হামলার কারণে পাকিস্তানের জনগণের মধ্যে মার্কিন-বিদ্বেষ বাড়ছে। এই বিদ্বেষ সন্ত্রাসবিরোধী যুদ্ধের বৈধতা সম্পর্কে পাকিস্তানিদের মনে সন্দেহের জন্ম দিচ্ছে।মালালা ইউসুফজাইকে নিয়ে করা এক প্রশ্নে মালিক বলেন, মালালা পাকিস্তানের গর্ব। পাকিস্তানের জনগণ তার সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফেরার জন্য অপেক্ষা করছে। মালালা দেশে ফেরার পর তাকে ও তার পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।মালিক বলেন, মালালাকে যে দুই ব্যক্তি গুলি করেছে, তারা দুজনই আফগানিস্তানের নাগরিক। সোয়াতের বাসিন্দা আতাউল্লার সহযোগিতায় তারা মিংগোরায় এসেছে। পুলিশ ওই দুই হামলাকারীকেই খুঁজছে। তিনি বলেন, মালালাকে এর আগে তিনটি পৃথক ঘটনায় পুলিশ নিরাপত্তা দেওয়ার প্রস্তাব করেছিল। কিন্তু তার বাবা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। ডন।