সন্ত্রাসবিরোধী লড়াইয়ে চাপের মুখে আর কোনো পদক্ষেপ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পাকিস্তান আর বেশি কিছু করতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদে সর্বদলীয় বৈঠকে গিলানি এ কথা বলেন।এদিকে যুক্তরাষ্ট্রের একজন সিনেটর জানিয়েছেন, পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ড্রোন হামলা ছাড়াও অন্য যেকোনো সামরিক পদক্ষেপে সমর্থন জানাতে পারে মার্কিন কংগ্রেস।পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে জঙ্গিদের সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্র একের পর এক অভিযোগ তুলছে। যুক্তরাষ্ট্রের বিদায়ী শীর্ষ সামরিক কর্মকর্তা সর্বশেষ অভিযোগ করেন, কাবুলে সম্প্রতি মার্কিন দূতাবাস ও ন্যাটোর সদর দপ্তরে হামলার ঘটনায় জড়িত পাকিস্তানের জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্ক। আর এ সংগঠনটিকে সহযোগিতা করছে পাকিস্তানি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসইআই। এরই পরিপ্রেক্ষিতে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা ও যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় নিজেদের মধ্যে সংহতি জোরদারের লক্ষ্যে গতকাল ইসলামাবাদে সর্বদলীয় বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী গিলানি।প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফসহ অন্যান্য দলের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি এবং আইএসআইয়ের প্রধান লে. জেনারেল আহমেদ সুজা পাশা, পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।বৈঠকের শুরুতেই বক্তব্য দেন প্রধানমন্ত্রী গিলানি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিবৃতিতে আমরা মর্মাহত এবং এর মাধ্যমে সন্ত্রাসবিরোধী যুদ্ধে আমাদের অবদান ও সাফল্যকে খাটো করা হয়েছে। চাপ দিয়ে পাকিস্তানকে এর থেকে বেশি কিছু করানো যাবে না। তবে আলোচনার জন্য আমাদের দরজা খোলা আছে।’গিলানি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত পাকিস্তানের বিরুদ্ধে দোষারোপ বন্ধ করা এবং পাকিস্তানের স্পর্শকাতর জাতীয় স্বার্থের বিষয়গুলোর প্রতি সম্মান জানানো।’রাজনৈতিক বিশ্লেষক সাবেক জেনারেল তালাত মাসুদ গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোর তরফ থেকে একটি জোরালো বার্তা দেওয়ার জন্য এ বৈঠক ডাকা হয়েছে। তাদের বার্তাটি হলো, মার্কিন চাপের মুখে সব রাজনৈতিক দল সেনাবাহিনীর পেছনে ঐক্যবদ্ধ আছে।’যুক্তরাষ্ট্র চাইছে পাকিস্তান হাক্কানির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করুক। কিন্তু পাকিস্তানের সরকার বা সেনাবাহিনী সেটা করতে রাজি নয়।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত বুধবার বলেছেন, হাক্কানিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি চূড়ান্তভাবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তবে হাক্কানির শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে ইতিমধ্যে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।এর আগে গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে মার্কিন সিনেটের রিপাবলিকান দলীয় সদস্য লিন্ডসে গ্রাহাম বলেন, মানববিহীন বিমান হামলা ছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে সমর্থন করতে পারেন মার্কিন আইনপ্রণেতারা।এই সামরিক পদক্ষেপের মধ্যে জঙ্গি বিমানের মাধ্যমে পাকিস্তানে বোমা হামলার বিষয়টিও থাকতে পারে।সিনেটর গ্রাহাম বলেন, ‘আমি পাকিস্তানে মার্কিন সেনা পাঠানোর কথা বলছি না। কিন্তু যখন মার্কিন সেনাদের নিজেদের আত্মরক্ষার বিষয়টি এসে যাবে, তখন আর কেউ কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইবে না। সেটার জন্য সেনা মোতায়েনের প্রয়োজন পড়ে না, আমিও তা বলছি না। কিন্তু ড্রোন হামলা ছাড়াও আমাদের সামনে অন্যান্য বিকল্প আছে।’ এএফপি, রয়টার্স, ডন।