গত বছরের জুলাইতে প্রথম নজরে আসে জনতার ওপর গাড়ি তুলে দিয়ে সন্ত্রাসী হামলার ধরনটি। এরপর বিগত ১৩ মাসে ফ্রান্স, জার্মানি, সুইডেন ও যুক্তরাজ্যে কয়েক দফায় এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। এতে বাছবিচারহীনভাবে হত্যাযজ্ঞ ঘটানো হচ্ছে। সন্ত্রাসী হামলার নতুন এই ধরনটিই সবশেষ গত বৃহস্পতিবার প্রয়োগ হয়েছে স্পেনের বার্সেলোনা শহরের জনপ্রিয় এলাকা লাস র্যামব্লাসে। এর মধ্য দিয়ে সাধারণ জনগণ ও নিরাপত্তা বাহিনীগুলো সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তিনটি নির্মম শিক্ষার মুখোমুখি হয়েছে।
প্রথমত, হামলা করতে গাড়ির ব্যবহার সন্ত্রাসীদের নতুন এক কৌশলে পরিণত হয়েছে। জনতার ওপর গাড়ি তুলে দিতে দক্ষতার প্রয়োজন হয় না। এমনকি গাড়ি জোগাড় করাও খুব কঠিন কাজ হয় না। এ ক্ষেত্রে গাড়ি, ভ্যান বা লড়ি হচ্ছে সন্ত্রাসী হামলা করার অস্ত্র। এই ধরনের হামলাকারীরা সরাসরি কোনো জঙ্গিগোষ্ঠীর সদস্য না, বরং তারা ওই গোষ্ঠীর আদর্শে অনুপ্রাণিত থাকে। আর এ ধরনের হামলার জন্য প্রশিক্ষণ বা রসদ জোগাতে বেগ পেতেও হয় না।
দ্বিতীয়ত, হামলায় এখন বাছবিচার করা হয় খুব কম ক্ষেত্রেই। অর্থাৎ সাধারণ পর্যটকেরাও এখন হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। এক দশক আগে কিংবা এর কাছাকাছি সময়েও জঙ্গিগোষ্ঠীগুলো চাইত, হামলার মাধ্যমে কোনো বার্তা পৌঁছে দিতে। তখন নিরস্ত্র সাধারণ জনতার ওপর এলোপাতাড়ি হামলাকে অকার্যকর বলে ধারণা করা হতো। এমনকি মুসলিম বিশ্বের সমর্থন আদায়ে তা ফলপ্রসূ হবে না বলেও মনে করত জঙ্গিরা। কিন্তু সেই অবস্থান পরিবর্তন হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সেই ধারণা বদলে দিয়েছে। তারা যেকোনো স্থানে, যে কারও ওপর, যেকোনো উপায়ে হামলা করতেও দ্বিধা করে না। জনাকীর্ণ স্থান স্বাভাবিকভাব ঝুঁকিপূর্ণ—এ মত আগে থাকলেও বর্তমান সময়ে এসে তা যেন আরও বেশি সত্য বলে প্রতীয়মান হচ্ছে।
২০০৪ সালে মাদ্রিদে বোমা হামলার পর গোয়েন্দা সংস্থাগুলোর পেছনে ব্যয় বাড়ায় স্পেন। বলা চলে, দেশটি এর সুফল ১৩ বছর ধরে পেয়েও এসেছে। ২০০৮ সালে বড় ধরনের নৃশংসতার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়। গত বছর অন্তত ১০টি পৃথক ষড়যন্ত্র বানচাল করতে সক্ষম হয় দেশটি। এদিকে, এ বছর ইউরোপে দুটি জঙ্গি নেটওয়ার্কের তথ্য উদ্ঘাটিত হয়েছে। এর মধ্যে অন্তত একটির নেতৃত্বে রয়েছে আইএস। আর চলতি বছরে যুক্তরাজ্যের অধিবাসীদের উপলব্ধি হচ্ছে যে তাদের দেশে ‘সফল জঙ্গি হামলা’ হয়নি বলেই সেখানে ‘ইসলামি জঙ্গিবাদ’ নেই—এমনটা তারা মনে করেন না। অর্থাৎ বার্সেলোনার হামলা থেকে তৃতীয় ও সবশেষ নির্মম শিক্ষাটি হলো—কোনো ব্যক্তি কিংবা কোনো না কোনো জঙ্গিগোষ্ঠীর মাধ্যমে শেষ পর্যন্ত কিছু না কিছু হামলা ঘটতেই পারে, আর তা ঘটার আগ পর্যন্ত আগেভাগে বলার উপায় আসলে নেই।