মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে পাকিস্তানের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। গতকাল বুধবার পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তানের পক্ষে তাঁর দেশের এই সমর্থনের কথা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘আমেরিকা ইসলামের শত্রু নয়।’পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, তাঁদের আলোচনা খুবই কার্যকর ও ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, ‘পাকিস্তানের সমাজের একটি বিচ্ছিন্ন অংশের ধারণা, যুক্তরাষ্ট্র ইসলাম এবং এর অনুসারীদের অসম্মান করে। কিন্তু আমি জানাতে চাই, আমরা ইসলামের শত্রু নই। আমাদের দেশে যারা এই ধর্মের অনুসারী রয়েছে, তাদের আলিঙ্গন করি আমরা।’ বাইডেন বলেন, পাকিস্তানে জঙ্গিবাদ দুই দেশের জন্যই হুমকির কারণ। এ ব্যাপারে গত সপ্তাহে পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সমাজের যে অংশ এ ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করেছে, তাদের এর পরিণতি ভোগ করতে হবে।’ পাকিস্তানের প্রধানমন্ত্রীও বলেন, জো বাইডেনের সঙ্গে তাঁর বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে।প্রধানমন্ত্রী গিলানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের পর বাইডেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আশফাক কায়ানির সঙ্গে বৈঠক করেন। এদিকে বাইডেনের এই কর্মসূচি চলার সময়ই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বান্নু শহরে একটি আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত হয়। তাদের বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। তালেবান জঙ্গিরা এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।চলতি বছর পাকিস্তানের জন্য মার্কিন সহায়তা প্রায় ৩০০ কোটি ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে পাকিস্তানের অভিযোগ, অর্থ পৌঁছাচ্ছে ধীরগতিতে এবং চাহিদা অনুযায়ী সামরিক সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে না।যুক্তরাষ্ট্রের অভিযোগ, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আদিবাসী-অধ্যুষিত এলাকায় নিরাপদ আস্তানা গড়ে তুলেছে জঙ্গিরা। ওই এলাকা থেকে প্রতিবেশী আফগানিস্তানে হামলা চালিয়ে থাকে জঙ্গিরা। অক্টোবরে হোয়াইট হাউসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে জঙ্গি হামলা ঠেকানোর ব্যাপারে পাকিস্তানের উদ্যোগ যথেষ্ট নয়।মার্কিন কর্মকর্তারা ঘোষণা করেছেন, গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি সাড়ে সাত শ কোটি ডলারের সহায়তা প্যাকেজের প্রথম পর্বের অর্থ ছাড় করা হবে। আফগানিস্তান সফর শেষে পাকিস্তান সফরে যান জো বাইডেন। এএফপি।