ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তৈরি করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।’ যুক্তরাষ্ট্রের এ ভূমিকাকে তিনি ‘দ্বিমুখী নীতি’ বলে উল্লেখ করেন। গতকাল বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এসব কথা বলেন আহমাদিনেজাদ। গতকালই তিনি সে দেশ সফরে যান। তিন দিনের সফর শেষে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস আফগানিস্তান থেকে বিদায় নেওয়ার সময় সেখানে পৌঁছান আহমাদিনেজাদ।আফগানিস্তান ছাড়ার আগে দেশটিতে ইরানের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রবার্ট গেটস। তিনি বলেন, ইরান আফগান তালেবান জঙ্গিদের বিভিন্নভাবে মদদ দিচ্ছে।আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আহমাদিনেজাদ বলেন, ‘আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য বিদেশি সেনাদের উপস্থিতি কোনো সমাধান নয়। আমরা এর বিরোধিতা করি। সামরিক বাহিনী দিয়ে কখনো সন্ত্রাসবাদকে পরাজিত করা যাবে না।’ তিনি বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে আফগান সরকার ও দেশটির জনগণকে আমরা সর্বাত্মক সহায়তা দেব।’ তালেবান জঙ্গিদের মদদ দেওয়ার বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের অভিযোগ নাকচ করে দিয়েছেন আহমাদিনেজাদ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রই সন্ত্রাসীদের জন্ম দিয়েছে। এখন তারা সন্ত্রাস দমনের নামে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আফগানিস্তানে মার্কিন সেনা-উপস্থিতির সমালোচনা করে আহমাদিনেজাদ বলেন, ‘আপনাদের দেশ বিশ্বের এক প্রান্তে অবস্থিত। সেখান থেকে আফগানিস্তানে এসে আপনারা কী করছেন?’ যৌথ সংবাদ সম্মেলনে খুব বেশি কথা বলেননি হামিদ কারজাই। তিনি আহমাদিনেজাদকে ধন্যবাদ জানিয়ে ইরানকে বাস্তববাদী বন্ধু বলে অভিহিত করেন। কারজাই বলেন, ‘আমরা আশাবাদী, ভ্রাতৃপ্রতিম দেশ ইরান নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় আমাদের সঙ্গে কাজ করবে।’ গত বছর আহমাদিনেজাদ ও হামিদ কারজাই নিজ নিজ দেশে প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন। এরপর এই প্রথমবারের মতো আফগানিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। বিবিসি।