সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা নজিরবিহীন বৃদ্ধি
২০১৪ সালে বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়েছে ৮০ শতাংশ। এর আগের বছর ২০১৩ সালে এই হার বেড়েছিল ৬১ শতাংশ। গতকাল মঙ্গলবার ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস এ কথা জানিয়েছে। খবর এএফপির।
অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটির সরবরাহ করা সন্ত্রাসবাদের বৈশ্বিক সূচকে দেখা গেছে, ২০১৪ সালে বিশ্বে সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয় ৩২ হাজার ৬৫৮ জন। ২০১৩ সালে নিহত হয় ১৮ হাজার ১১১ জন। এক বছরে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বাড়ার এই হার এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।
গবেষণায় সন্ত্রাসবাদ বলতে বোঝানো হয়েছে ‘ভীতি প্রদর্শন ও দমনের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় বা সামাজিক কোনো উদ্দেশ্যে অ-রাষ্ট্রীয় কোনো পক্ষের অবৈধ শক্তি প্রয়োগকে’। তাদের গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৪ সালে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে অর্ধেকেরই মৃত্যু হয় ইসলামিক স্টেট (আইএস) ও নাইজেরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায়। তারা মোট ১৬২টি দেশে হামলা চালিয়ে হত্যা ও ক্ষতিসাধন করে। প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান স্টিভ কিলেলিয়া বলেন, ‘সন্ত্রাসবাদ অভূতপূর্ব গতিতে অগ্রসর হচ্ছে।’
গবেষণাটিতে দেখা গেছে, আফগানিস্তান, ইরাক, নাইজেরিয়া, পাকিস্তান ও সিরিয়া—এই পাঁচটি দেশে সন্ত্রাসী হামলার ব্যাপকতা সবচেয়ে বেশি। গত বছর সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ওই দেশগুলোতেই মারা যায় ৭৮ শতাংশ। ইরাকের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে সর্বোচ্চসংখ্যক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। নিহত হয় ৯ হাজার ৯২৯ জন। ২০১৪ সালে নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৩০০ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৫১২ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোতে ইসলামি জঙ্গিগোষ্ঠীর হামলার ঘটনা তুলনায় অনেক কম। পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার শিকার হয়েছে যুক্তরাজ্য।
চেয়ারম্যান কিলেলিয়া বলেন, ‘প্যারিসে হামলার ঘটনা অনেক দিক থেকেই ইউরোপকে একটি সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে। এ ঘটনায় প্রমাণিত হয় যে ইউরোপেও ভয়ংকর হামলা চালানোর সক্ষমতা আইএসের রয়েছে।’ তিনি সতর্ক করে দিয়ে বলেন, ২০১১ সাল থেকে এ পর্যন্ত ২৫ থেকে ৩০ হাজার বিদেশি যোদ্ধা ইরাক ও সিরিয়ায় গিয়েছে। সেখান থেকে নিজ দেশে ফিরে আসা যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ থাকবে।