সন্ত্রাসী হামলার আতঙ্কে লন্ডন!
দুটি ভিন্ন ঘটনায় লন্ডনে তিন দিন ধরে সন্ত্রাসী হামলার আতঙ্ক বিরাজ করছে। পশ্চিম লন্ডনের নর্থহল্টে সম্ভাব্য সন্ত্রাসী কার্যকলাপের আশঙ্কায় টানা তিন দিনের মতো একটি বাড়ি ঘিরে রেখেছে সশস্ত্র পুলিশ। অন্যদিকে গত বৃহস্পতিবার একটি পাতালরেলে সন্দেহভাজন বস্তু উদ্ধারের ঘটনায় লন্ডনের জনযানবাহনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দক্ষিণ-পশ্চিম লন্ডনের নর্থহল্ট এলাকার একটি বাড়ি থেকে গত শুক্রবার মধ্যরাতে টেলিফোন পায় পুলিশ। ওই রাতে সংশ্লিষ্ট বাড়িটিতে প্রবেশ করতে গিয়ে বিপাকে পড়ে তারা। বাড়ির বাসিন্দার সন্দেহজনক আচরণে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই বাড়িতে আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষ বাসিন্দা রয়েছেন। তাঁর সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল রোববার তৃতীয় দিনের মতো পুলিশ বাড়িটি ঘিরে রাখে। পুলিশ বলছে, এটা কোনো সন্ত্রাসী ঘটনা কি না, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত নয়। তবে বাড়িটিতে কোনো ধরনের বিস্ফোরক থাকতে পারে, এমন আশঙ্কায় আশপাশের অন্তত ৮০টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেশীরা বলছেন, বাড়ির সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সম্প্রতি তাঁর স্ত্রীর ছাড়াছাড়ি হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।
অন্যদিকে গত বৃহস্পতিবার লন্ডনের নর্থ গ্রিনউইচ স্টেশনে জুবিলি লাইন নামের একটি পাতালরেল থেকে সন্দেহজনক একটি ব্যাগ পেয়ে চলকের কাছে দেন যাত্রীরা। ওই ব্যাগে বৈদ্যুতিক তার ও ঘড়ি আকৃতির বস্তু ছিল। এ ঘটনার পর সঙ্গে সঙ্গে ওই স্টেশন সাময়িক বন্ধ করে দেওয়ার পাশাপাশি সমগ্র লন্ডনের পাতালরেলগুলোতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। পরদিন শুক্রবার পুলিশ জানায়, তারা ওই বস্তুর নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে সেটি ধ্বংস করেছে। পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে লন্ডনবাসীকে সতর্ক করে দিয়ে বলা হয়, পাতালরেলসহ অন্য স্টেশনগুলোতে ভারী অস্ত্রশস্ত্রসহ পুলিশ দেখা যাবে।
এ ঘটনায় পুলিশ গত শুক্রবার ১৯ বছর বয়সী একজনকে আটক করে। আটক ব্যক্তিকে ২৮ অক্টোবর পর্যন্ত জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পুলিশ বলছে, পাতালরেলে বিস্ফোরক পাওয়ার ঘটনায় আর কাউকে খোঁজা হচ্ছে না।
বর্তমানে যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার সতর্কতা ‘সেভিয়ার’ বা ‘মারাত্মক’। এ পর্যায়ের সতর্কতায় সন্ত্রাসী হামলার সমূহ আশঙ্কা রয়েছে বিবেচনায় নিয়ে প্রস্তুত থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।