সন্ত্রাসী হামলার ঝুঁকির তালিকায় শীর্ষে সোমালিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক, আফগানিস্তান ও পাকিস্তানকে ছাড়িয়ে সন্ত্রাসী হামলার ঝুঁকির তালিকায় শীর্ষে চলে এসেছে সোমালিয়া। বিশ্বব্যাপী এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে। বৈশ্বিক ঝুঁকি নিরূপণ সংক্রান্ত একটি ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান গতকাল সোমবার এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করে। ভারত, ফিলিপাইন, থাইল্যান্ড ও কলম্বিয়াসহ ১৬টি দেশ রয়েছে অতি ঝুঁকির তালিকায়। এরপর রয়েছে ইরান, নাইজেরিয়া, স্পেন ও মিয়ানমার। ওই তালিকায় যুক্তরাষ্ট্র ৩৩তম ও ব্রিটেন ৪৭তম অবস্থানে রয়েছে। গত বছরের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১৯৬টি দেশে সংঘটিত সন্ত্রাসী হামলার তথ্যের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই সময়ের মধ্যে সোমালিয়ায় ৫৫৬টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে এক হাজার ৪৩৭ জন নিহত হয়। অতি ঝুঁকির তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে ইয়েমেন। যেখান থেকে আল-কায়েদা সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এএফপি।