সন্ত্রাসী হামলার মুখে পড়লে যা করবেন

যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে বুধবারের রক্তক্ষয়ী হামলার এত বড় ঘটনার পরও প্রতিদিনকার মতো বৃহস্পতিবারও কর্মব্যস্ত ছিল লন্ডন শহর। পাতাল ট্রেনগুলোতেও সকালে ছিল কাজে ছোটা মানুষের ভিড়। দেখে বোঝার উপায় নেই এক দিন আগেও শহরের প্রাণকেন্দ্রে ঘটে গেছে রক্তক্ষয়ী এক ভয়ানক সন্ত্রাসী হামলা। তবে চিরচেনা উচ্ছ্বাসের জায়গায় কিছুটা উদ্বিগ্নতা যেন ছিল চোখে-মুখে। তবে সন্ত্রাসী হামলায় পড়লে বা সন্ত্রাসী হামলার মুখে পড়লে কী কী করবেন বা এমন পরিস্থিতির মুখে পড়লে কী কী করতে হবে তা জানিয়েছেন পুলিশ। পুলিশের বরাত দিয়ে দ্য ইনডিপেনডেন্টের খবরে করণীয় সম্পর্কে বলা হয়েছে।
গত বুধবারের নারকীয় ওই হামলার পর লন্ডনসহ বিশ্বজুড়ে শহরের অধিবাসীরা উদ্বেগের মধ্য ছিলেন। এ হামলার পর সন্ত্রাসের হুমকির ক্ষেত্রে লন্ডন ‘গুরুতর’ জায়গায় রয়েছে বলে বলা হয়েছে। কেননা আগেও সেখানে এমন ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলার মুখে পড়লে আপনার কী কী করা উচিত বা সম্ভাব্য করণীয় কি হতে পারে পুলিশ সে ব্যাপারে পরামর্শ দিয়েছে।
প্রথমত, সন্ত্রাসী হামলার মুখে পড়লে দৌড়ে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করতে হবে। যদি সম্ভব হয় তবে নিরাপত্তার জন্য নিরাপদ জায়গায় নিজেকে সরিয়ে নিতে হবে। তবে ঘুণাক্ষরেও আত্মসমর্পণ বা হামলাকারীর সঙ্গে দরকষাকষি বা কথোপকথনের চেষ্টা ভুলেও করা যাবে না।
দ্বিতীয়ত, যদি এমন হয় যে আপনার সামনে কোনো বিকল্প নেই অর্থাৎ পালানোর কোনো পথ নেই তখন নিজেকে আড়াল বা লুকানোর চেষ্টা করতে হবে। আপাতত তাঁকে মোকাবিলা করার চেয়ে নিজেকে লুকানো বা আড়াল করাই উত্তম। এরপরই সঙ্গে সঙ্গে মোবাইল সাইলেন্স করে ফেলতে হবে (কারণ এ সময় ফোন বেজে উঠলে বিপদ) এবং ফোনের ভাইব্রেশনও বন্ধ রাখতে হবে।
এরপরই তৃতীয় ধাপে ঘটনা সম্পর্ক পুলিশকে অবহিত করবেন। অর্থাৎ নিজে নিরাপদ জায়গায় থেকেই পরে ফোন করুন পুলিশকে। এর সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় তবে সতর্ক করবেন অন্যদের।
এ ছাড়া আপনি যদি কোনো এমন ঘটনার প্রত্যক্ষদর্শী হন এবং কারও আচরণ সন্দেহজনক মনে হয়, তৎক্ষণাৎ পুলিশকে জানান।
হামলাকারী ব্রিটিশ নাগরিক খালিদ মাসুদ
লন্ডন যুক্তরাজ্যের লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে হামলা চালানো ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে পুলিশ। জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক ওই ব্যক্তির নাম খালিদ মাসুদ। হামলার পর লন্ডন ও বার্মিংহাম থেকে তিন নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তারা বলেছে, খালিদ তাদের যোদ্ধা। পার্লামেন্টের যৌথ অধিবেশন চলাকালে গত বুধবার দুপুরে হামলায় এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হন। আহত হন প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে ২৯ জন হাসপাতালে আছেন। এর মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়।
যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে বুধবার রক্তক্ষয়ী হামলায় হামলাকারীসহ চারজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ২৯ জন চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।