সন্ত্রাসীদের ঘাঁটি আজমগড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার বেফাঁস মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সহযোগী অমিত শাহ৷ এবার তিনি উত্তর প্রদেশের আজমগড়কে ‘সন্ত্রাসীদের ঘাঁটি’ আখ্যায়িত করলেন৷ এই ‘সাম্প্রদায়িক মন্তব্যের’ জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জািনয়েছে কংগ্রেসসহ অন্য দলগুলো৷
বিজেপির উত্তর প্রদেশ শাখার ভারপ্রাপ্ত প্রধান অমিত শাহ গত রোববার বলেন, আজমগড় হচ্ছে সন্ত্রাসীদের ঘাঁটি৷ কারণ, সেখানকার বাসিন্দাদের মধ্যে রাজ্য সরকার নিয়ে কোনো ভয় নেই৷ রাজ্য সরকারই তাদের মুক্তির পক্ষে ওকালতি করছে৷ গুজরাট বোমা হামলায় অভিযুক্ত ব্যক্তিদের বাড়িও আজমগড়ে বলে মন্তব্য করেন তিনি৷
অমিত শাহর বক্তব্যের নিন্দা জানিয়ে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং গতকাল সোমবার এক টুইটার বার্তায় বলেন, মোদি-অমিত শাহ উন্নয়নের প্রচারণা থেকে সরে এসে সাম্প্রদায়িক প্রচারণা শুরু করেছেন৷ তাঁরা মোদাসা বোমা হামলার ঘটনায় সংঘকর্মীদের সম্পৃক্ততার কথা বেমালুম ভুলে গেছেন৷
মোদাসা বোমা হামলা নিয়ে মোদিকেও আক্রমণ করেন দিগ্বিজয়৷ বোমা হামলার ঘটনায় অভিযুক্ত অসীমানন্দ ও প্রাগা সিংয়ের দুটি এনিজওকে গুজরাট সরকারের দেওয়া বরাদ্দের বিষয়ে মোদির কাছে ব্যাখ্যা চান তিনি৷ অসীমানন্দ ২০০৭ সালে সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ মামলা ও প্রাগা ঠাকুর ২০০৮ সালে মেলগাঁ বিস্ফোরণ মামলায় অভিযুক্ত৷
সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি শোভা ওজা বলেন, অমিত শাহ তাঁর ভাষার মাধ্যমে বিদ্বেষ ছড়াচ্ছেন৷ নির্বাচন কমিশনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত৷
সমাজবাদী পার্টি (এসপি) ও বহুজন সমাজ পার্টিও (বিএসপি) অিমত শাহর মন্তব্যের সমালোচনায় সরব৷ বিএসপির প্রধান মায়াবতী বলেন, ‘এ ধরনের মন্তব্য আজমগড় ও উত্তর প্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে৷ আমি উত্তর প্রদেশে অমিত শাহকে নিষিদ্ধ করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি৷’
এসপির নেতা কামাল ফারুকি বলেন, অমিত শাহ তাঁর জিবকে সংযত রাখতে পারেন না৷ পিটিআই৷