সন্ত্রাসীদের পাকিস্তানের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়া বন্ধ করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি বুধবার প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের প্রতি আহ্বানটি জানান। পাকিস্তানি সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদের বিষয়ে প্রশ্ন করা হলে কারবি বলেন, ‘আমি একজন স্বীকৃত সন্ত্রাসী নিয়ে মন্তব্য করে তাকে মহিমান্বিত করতে চাই না।’ কারবি আরও বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে কাজ করে যাচ্ছি। তাদের ভূখণ্ড সন্ত্রাসীদের ব্যবহার বন্ধ করতেও আমরা বারবার পাকিস্তানকে আহ্বান জানাচ্ছি। তা কোনো সন্ত্রাসী দল বা গোষ্ঠী যেই হোক না কেন।’
কিছুদিন আগেও এক দফা যুক্তরাষ্ট্র জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছিল।
গত আগস্ট মাসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সহকারী মুখপাত্র মার্ক টোনার বলেছিলেন, ‘আমরা পাকিস্তানের সর্বোচ্চ কর্তৃপক্ষকে বলেছি, তাদের সব জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা পাকিস্তানের প্রতিবেশীদের আক্রমণের লক্ষ্যবস্তু করেছে, এমন জঙ্গিরাও এর মধ্যে আছে। পাকিস্তানে জঙ্গিদের সব নিরাপদ আস্তানা বন্ধ করতে হবে।’
ভারতে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির অভিযোগের পর জঙ্গিবাদ নিয়ে নতুন করে চাপের মুখে পড়েছে পাকিস্তান।